বিশ্ব ডাক দিবস উপলক্ষে সেবা সপ্তাহ পালনের প্রস্তুতি

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৯ অক্টোবর দেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটি উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।

এই উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। এ ছাড়া আগামী ৯ ও ১০ অক্টোবর সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সেবা চালু থাকবে।

বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী সেবার পাশাপাশি এটিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব লজিস্টিকস প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। ই-কমার্স সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং, পোস্ট পিকআপ ও ডেলিভারি, ফুলফিলমেন্ট সেন্টার, কৃষিপণ্য পরিবহন এবং ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর মাধ্যমে সেবা প্রসারিত করা হচ্ছে।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর মাধ্যমে কর্মসংস্থান ও সেবা দুটিই বিস্তৃত হচ্ছে।

আন্তর্জাতিক পার্সেল পরিবহনেও প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল ছিল ২৪৩ টন, যা ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে ২৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩১৬ টনে। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জনের ভোটাধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখে ডাক বিভাগ।

উল্লেখ্য, ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠার স্মরণে ১৯৬৯ সালের টোকিও কংগ্রেসে এ দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। মানুষের দৈনন্দিন জীবন ও আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল লক্ষ্য।