৯ মাসে দেশে মোবাইল গ্রাহক বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার

২০২৬ সালের প্রথম নয় মাসে বাংলাদেশে মোবাইল টেলিযোগাযোগ ও ইন্টারনেট গ্রাহক উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ৫.৫৯ মিলিয়ন (৫৫ লাখ ৯০ হাজার) বেড়ে ১৮৫.৮০ মিলিয়ন থেকে ১৯১.৩৯ মিলিয়নে দাঁড়িয়েছে। খবর বাসস।

বিটিআরসির তথ্যমতে, এই নয় মাসে গ্রাহক বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল গ্রামীণফোন ও রবি আজিয়াটা। গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা জানুয়ারির ৮৪.৩৩ মিলিয়ন থেকে ২.৮৩ মিলিয়ন বেড়ে সেপ্টেম্বরে ৮৭.১৬ মিলিয়নে পৌঁছেছে। একই সময়ে রবি আজিয়াটার গ্রাহক ১.৯৯ মিলিয়ন বেড়ে ৫৭.২৪ মিলিয়ন থেকে ৫৯.২৩ মিলিয়নে উন্নীত হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের মে মাসে ৪৪.৭৩ মিলিয়ন সর্বোচ্চ গ্রাহকে পৌঁছানো বাংলালিংক ২০২৫ সালের অক্টোবরে ৩৭.৮১ মিলিয়নে নেমে এলেও ২০২৬ সালে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। জানুয়ারিতে অপারেটরটির গ্রাহক ছিল ৩৭.৪০ মিলিয়ন; ফেব্রুয়ারিতে কিছুটা কমে ৩৭.৩৫ মিলিয়ন হলেও পরবর্তীতে ক্রমান্বয়ে বেড়ে মে মাসে ৩৭.৭১ মিলিয়ন, জুনে ৩৭.৮৬ মিলিয়ন, আগস্টে ৩৭.৯৫ মিলিয়ন এবং সেপ্টেম্বরের শেষে ৩৮.০৭ মিলিয়নে পৌঁছেছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা জানুয়ারির ৬.৮৩ মিলিয়ন (৬৮.৩ লাখ) থেকে বেড়ে সেপ্টেম্বরে ৬.৯৩ মিলিয়নে (৬৯.৩ লাখ) দাঁড়িয়েছে।

মোবাইলের পাশাপাশি দেশের ইন্টারনেট বাজারেও ধারাবাহিক সম্প্রসারণ ঘটেছে। জানুয়ারিতে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১২৮.৯৯ মিলিয়ন (১২৮৯.৯ লাখ), যা এপ্রিলে ১৩১.৪২ মিলিয়ন, জুনে ১৩৫.৯৪ মিলিয়ন এবং আগস্টে ১৩৭.৬৬ মিলিয়ন পেরিয়ে সেপ্টেম্বরে ১৩৭.৮১ মিলিয়নে (১৩৭৮.১ লাখ) পৌঁছেছে।

এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১৪.২২ মিলিয়ন (১১৪২.২ লাখ) থেকে বেড়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১২২.২৬ মিলিয়নে (১২২২.৬ লাখ) স্থির রয়েছে। পাশাপাশি আইএসপি ও পিএসটিএন-এর মাধ্যমে ফিক্সড ইন্টারনেট গ্রাহক সংখ্যা পুরো নয় মাস জুড়েই বেড়ে ১৪.৭৭ মিলিয়ন (১৪৭.৭ লাখ) থেকে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৫.৫৫ মিলিয়নে (১৫৫.৫ লাখ) উন্নীত হয়েছে।