ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন 

স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত খুব নিরাপদ ও নির্ভরশীল হলেও ভুল ব্যবহার, অতিরিক্ত তাপ, বাহ্যিক বা অভ্যন্তরীণ ক্ষতি কিংবা নিম্নমানের চার্জিং ব্যবস্থার মতো আরও নানান কারণে এতে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। কখনও ব্যাটারি ফুলে ওঠা বা অতিরিক্ত গরম হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে, আবার বিরল ক্ষেত্রে আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকিও তৈরি হয়। তাই ফোনের ব্যাটারি কেন এমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং দুর্ঘটনা এড়াতে কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত, তা জানা জরুরি। 

অতিরিক্ত তাপে ব্যাটারি বিপজ্জনক হয়ে উঠতে পারে

লিথিয়াম-আয়ন ব্যাটারি উচ্চ তাপমাত্রার প্রতি সংবেদনশীল। প্রখর রোদে গাড়ি বা বাসের ভেতর ফোন রেখে দেওয়া, অতিরিক্ত গরম পরিবেশে ব্যবহার করা কিংবা চার্জ দেওয়ার সময় বালিশ বা কম্বলের নিচে রাখলে ফোনের তাপ সহজে বের হতে পারে না। ফলে ব্যাটারির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থার্মাল রানঅ্যাওয়ে শুরু হতে পারে, যেখানে ব্যাটারির ভেতরের তাপ ক্রমাগত বাড়তেই থাকে। এই প্রক্রিয়ায় গ্যাস ও চাপ তৈরি হয়ে শেষ পর্যন্ত ব্যাটারিতে আগুন লাগা বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফোন অস্বাভাবিক গরম হওয়া, দ্রুত চার্জ শেষ হওয়া বা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া সতর্কসংকেত হিসেবে দেখা উচিত। 

নকল চার্জার ও ক্যাবলও বড় ঝুঁকি

নিম্নমানের বা নকল চার্জার সঠিকভাবে ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ করতে না পারায় ব্যাটারিতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বিশেষ করে, ফোনে ওভারচার্জ সুরক্ষা ব্যবস্থা না থাকলে অতিরিক্ত তাপ সৃষ্টি ও ব্যাটারি ক্ষতির ঝুঁকি বাড়ে। তাই নতুন ফোন কেনার সময় বক্সের সঙ্গে দেওয়া অরিজিনাল চার্জার বা নির্ভরযোগ্য ব্র্যান্ডের থ্রার্ড পার্টি চার্জার ও ক্যাবল ব্যবহার করা শ্রেয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ক্যাবলের অভ্যন্তরীণ ত্রুটি থাকলে শর্ট সার্কিট বা অস্বাভাবিকভাবে তাপ তৈরির ঝুঁকি বাড়তে পারে। 

ফোন পড়ে গেলেও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে 

বাইরে থেকে ফোন ঠিকঠাক দেখালেও পড়ে যাওয়া, বাঁকানো বা অতিরিক্ত চাপের কারণে ব্যাটারির অভ্যন্তরীণ স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ব্যাটারির ভেতরের সেপারেটর নষ্ট হয়ে অভ্যন্তরীণ শর্ট সার্কিটের সম্ভাবনা তৈরি হয়। তাই ফোন গুরুতরভাবে পড়ে গেলে বা বেঁকে গেলে সেটি পরীক্ষা করানো নিরাপদ। 

ভুল চার্জিং অভ্যাসে বাড়তে পারে তাপ 

আধুনিক ফোনে ১০০ শতাংশ চার্জ হলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও, দীর্ঘ সময় চার্জে রাখা এবং একই সঙ্গে ফোনে ভারী কাজ করা অতিরিক্ত তাপ তৈরি করতে পারে। বিছানা, সোফা বা কুশনের মতো নরম জায়গায় ফোন চার্জ দিলে তাপ বের হওয়ার পথও বাধাগ্রস্ত হয়। তাই শক্ত ও সমতল জায়গায় ফোন চার্জ দেওয়া এবং চার্জিংয়ের সময় অতিরিক্ত চাপের কাজ এড়িয়ে চলা ভালো। 

পুরোনো ব্যাটারিতে বাড়ে ঝুঁকি 

লিথিয়াম-আয়ন ব্যাটারি সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়। একাধিক চার্জ সাইকেলের পর এর অভ্যন্তরীণ প্রতিরোধ বাড়তে পারে এবং তাপ উৎপাদনও বেড়ে যেতে পারে। দ্রুত চার্জ শেষ হওয়া, স্বাভাবিক ব্যবহারে অতিরিক্ত গরম হওয়া, হঠাৎ চার্জ কমে যাওয়া বা ব্যাটারি ফুলে ওঠা— এসব লক্ষণ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।

ব্যাটারি ফুলে গেলে কী করবেন? 

ফোনের ব্যাক প্যানেল বা স্ক্রিন অস্বাভাবিকভাবে উঠে আসা, ব্যাটারি ফুলে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া কিংবা অস্বাভাবিক আচরণ দেখা দিলে ফোন ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। এমন ব্যাটারি নিজে খুলে বা মেরামত না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে পরীক্ষা ও প্রয়োজন হলে পরিবর্তন করানোই নিরাপদ। 

স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা বিরল হলেও ঝুঁকির কারণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্নিত করা যায়। অতিরিক্ত তাপ এড়িয়ে চলা, মানসম্মত চার্জার ব্যবহার, ক্ষতিগ্রস্ত ফোন বা ব্যাটারি অবহেলা না করা এবং পুরোনো ব্যাটারির লক্ষণগুলো নজরে রাখা— এসব অভ্যাসই দুর্ঘটনার সম্ভাবনা কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।