গুগল ক্রোমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াবেন যেভাবে

ইন্টারনেট ব্যবহারের সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ, সার্চ ইঞ্জিনে অনুসন্ধান ও বিভিন্ন সেবা ব্যবহার প্রক্রিয়ার মধ্য দিয়েই ব্যবহারকারীর নানা তথ্য সংগ্রহিত হয়। এসব তথ্য থেকে ব্যক্তির আগ্রহ, পছন্দ ও অনলাইন কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় ইন্টারনেট ব্রাউজার। বর্তমানে গুগল ক্রোম বিশ্বব্যাপী সবথেকে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজার হলেও, এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যবহারকারীরা প্রায়ই সংকোচবোধ করেন। ক্রোমে নিরাপদ ব্রাউজিংয়ের বিভিন্ন সুবিধা থাকলেও ব্যবহারকারীর ব্রাউজিং কার্যক্রমসহ নানা তথ্য গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত হতে পারে। তবে কয়েকটি সেটিংস পরিবর্তনের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের সংগ্রহ ও ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি অনলাইন নিরাপত্তা বাড়ানো সম্ভব।

থার্ড-পার্টি কুকি বন্ধ করবেন যেভাবে

বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীর কার্যক্রম অনুসরণ করতে থার্ড-পার্টি কুকি ব্যবহৃত হতে পারে। থার্ড-পার্টি কুকি হলো ছোট ছোট ডেটা ফাইল, যা ব্যবহারকারীর ভিজিট করা ওয়েবসাইটের বাইরের অন্য কোনো সেবা বা প্রতিষ্ঠান তার অনলাইন কার্যক্রম অনুসরণ ও বিজ্ঞাপন ব্যক্তিগতকরণে ব্যবহার করতে পারে। ক্রোমে এসব কুকি নিয়ন্ত্রণ করতে ব্রাউজারের ওপরের ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি মেনুতে যেতে হবে। এরপর ‘থার্ড-পার্টি কুকিজ’ নির্বাচন করে কুকি ব্লক করার অপশন চালু করতে হবে। একই বিভাগে ‘ডু নট ট্র্যাক’ নামক সুবিধা চালু করার অপশন থাকলে সেটিও ব্যবহার করা যায়। তবে এটি ওয়েবসাইটগুলোকে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম অনুসরণ না করার অনুরোধ পাঠায় মাত্র, ওয়েবসাইটগুলো তা মানতে বাধ্য নয়।

গুগল অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণ

ক্রোমের সেটিংসের পাশাপাশি গুগল অ্যাকাউন্টের তথ্য নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। এ জন্য গুগল প্রোফাইল আইকনে ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট থেকে ডেটা এন্ড প্রাইভেসি বিভাগে যেতে হবে। সেখানে ‘ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ অপশনটি বন্ধ করলে গুগলের বিভিন্ন সেবা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত কার্যক্রম সংরক্ষণ নিয়ন্ত্রণ করা যায়।

একই বিভাগে টাইমলাইন বন্ধ করে লোকেশনের ইতিহাস সংরক্ষণ নিয়ন্ত্রণ করা যায়। আর অনুসন্ধানের ফলাফল ও এআইয়ের উত্তর ব্যক্তিগত কার্যক্রমের ভিত্তিতে সাজানোর জন্য ব্যবহৃত তথ্য কমাতে ‘পার্সোনালাইজ সার্চ’ অপশনটিও পরিবর্তন করতে হবে। বিজ্ঞাপন ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী সাজানো সীমিত করতে মাই অ্যাড সেন্টার থেকে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করা যায়।

সেফটি চেক দিয়ে নিরাপত্তা পরীক্ষা

শুধু তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণ করলেই অনলাইন নিরাপত্তা নিশ্চিত হয় না। ক্রোমে সেটিংস > প্রাইভেসি এন্ড সিকিউরিটি > সেফটি চেক-এ গেলে ব্রাউজারের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় পরীক্ষা করা যায়। এখানে সংরক্ষিত পাসওয়ার্ড ঝুঁকিতে আছে কি না, একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা হচ্ছে কি না এবং ব্রাউজার হালনাগাদ করা প্রয়োজন কি না, তা জানা যায়।

নিরাপদ ব্রাউজিংয়ের সুবিধা চালু রাখুন

প্রাইভেসি এন্ড সিকিউরিটি বিভাগে থাকা ‘সেফ ব্রাউজিং’ অপশনে সাধারণ সুরক্ষার পাশাপাশি এনহ্যান্সড প্রোটেকশন চালু করা যায়। এটি বিপজ্জনক ওয়েবসাইট, ডাউনলোড ও এক্সটেনশন শনাক্তে অতিরিক্ত সুরক্ষা দেয়। একই সঙ্গে ‘অলওয়েজ ইউজ সিকিউরড কানেকশন’ চালু করলে যেকোনো অনিরাপদ সংযোগ সম্পন্ন ওয়েবসাইটে প্রবেশের আগে সতর্কবার্তা পাওয়া যায়।