কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল

ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত সাড়া পেতে ব্যর্থ হন কনটেন্ট ক্রিয়েটররা। এর অন্যতম কারণ হতে পারে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। এসব এসব প্ল্যাটফর্মে সফল হতে অডিয়েন্সের আগ্রহ, উপযুক্ত প্ল্যাটফর্ম ও কনটেন্টের ধরন বিবেচনায় নিয়ে কার্যকর কৌশল অবলম্বন করা জরুরি।

কনটেন্ট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করুন

প্রথমেই ঠিক করতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট প্রকাশ করে কী অর্জন করতে চান। অনুসারীর সংখ্যা বাড়ানো, মনিটাইজেশনের মাধ্যমে অর্থ উপার্জন, নিজস্ব ব্যান্ড প্রতিষ্ঠা অথবা পণ্য ও সেবার প্রচার অথবা একাধিক লক্ষ্য হতে পারে। লক্ষ্য স্থির করার পরবর্তী ধাপ হবে উপযোগী কনটেন্ট তৈরির ক্ষেত্র নির্বাচন করা। পছন্দমতো ক্ষেত্র বাছাই করে নিলে সে অনুযায়ী কনটেন্ট তৈরি করা সহজতর হয়।

নিজের অডিয়েন্স সম্পর্কে জানুন

কনটেন্ট যাদের জন্য তৈরি করা হচ্ছে, তাদের বয়স, পেশা, ভৌগোলিক অবস্থান, আগ্রহ ও অনলাইন আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সকল প্ল্যাটফর্মের অ্যানালিটিকস সেকশন থেকে অনুসারীদের সম্পর্কে বিস্তারিত বৈশিষ্ট্য, পোস্টে প্রতিক্রিয়া ও কনটেন্টের গ্রহণযোগ্যতা সম্পর্কে জানা যায়। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কনটেন্ট পরিবর্তন আনা আনুন।

কনটেন্টের ভাষা ও উপস্থাপনার ধরন ঠিক করুন

কনটেন্ট ক্রিয়েটর বা প্রতিষ্ঠানের পরিচয় অনুযায়ী ভাষা ও উপস্থাপনার ধরন নির্ধারণ করা জরুরি। কেউ বন্ধুত্বপূর্ণ ও সহজ ভাষায় কথা বলতে পারেন, আবার কেউ তথ্যনির্ভর বা পেশাদার ভঙ্গি বেছে নিতে পারেন। কনটেন্টে এই ধরন বজায় রাখলে দর্শকদের কাছে নিজের বা প্রতিষ্ঠানের সম্পর্কে একটি নির্দিষ্ট পরিচিতি তৈরি হয়।

উপযুক্ত প্ল্যাটফর্ম ও কনটেন্ট নির্বাচন করুন

সব প্ল্যাটফর্মে সক্রিয় থাকার প্রয়োজন নেই। ক্ষেত্র অনুযায়ী কোথায় বেশি সক্রিয় বা কোন প্ল্যাটফর্মে চাহিদা বেশি, তা বিবেচনা করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা অনুরূপ অন্যান্য প্ল্যাটফর্ম নির্বাচন করা যেতে পারে। এরপর প্ল্যাটফর্ম অনুযায়ী লেখা, ছবি, ইনফোগ্রাফিক, রিলস, স্টোরি, লাইভ ভিডিও কিংবা ইনফ্লুয়েন্সারের সঙ্গে যৌথভাবে কনটেন্ট তৈরির পরিকল্পনা করা যায়।

কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করুন

কোন দিন, কখন এবং কী ধরনের পোস্ট প্রকাশ করা হবে, তা আগে থেকে নির্ধারণ করে কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করা যায়। এতে বিশেষ দিবস, প্রচারণা ও নতুন পণ্য প্রকাশের তারিখের পাশাপাশি পোস্টের ক্যাপশন, ছবি বা ভিডিও এবং হ্যাশট্যাগের পরিকল্পনাও রাখা উচিত।

দর্শকদের সঙ্গে সম্পর্ক রাখুন

শুধু পোস্ট প্রকাশ করলেই হবে না। কমেন্ট সেকশনে মন্তব্য, প্রশ্নের উত্তর দেয়া এবং পোল বা অ্যাস্ক আ কুয়েশচেনের মতো সুবিধার মাধ্যমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করাও জরুরি। গ্রাহকদের ছবি, ভিডিও ও অভিজ্ঞতা শেয়ার করলে কনটেন্টের বিশ্বাসযোগ্যতা ও রিচ বাড়তে পারে।

প্রাসঙ্গিক ট্রেন্ড কাজে লাগান

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গান, চ্যালেঞ্জ, মিম ও ভিডিওর ধরন প্রায়ই ট্রেন্ড হয়ে ওঠে। এসব ট্রেন্ডে অংশগ্রহণ কনটেন্টের রিচ বাড়ায়। তবে শুধু রিচ পাওয়ার লোভে কোনও ট্রেন্ড অনুসরণ না করে কনটেন্টের বিষয়বস্তু, নিজস্ব পরিচয়ের সঙ্গে কনটেন্টের প্রাসঙ্গিকতা ও অডিয়েন্সের আগ্রহের সঙ্গে তার সামঞ্জস্য বিবেচনা করা উচিত।

পারফরম্যান্স বিশ্লেষণ করুন

কোন ধরনের পোস্টে বেশি লাইক, মন্তব্য ও শেয়ার আসছে, কোন ভিডিও বেশি দেখা হচ্ছে এবং কোন কনটেন্টের মাধ্যমে নতুন অনুসারী যুক্ত হচ্ছেন, তা নিয়মিত বিশ্লেষণ করতে হবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের অ্যানালিটিকস সুবিধা থেকে এসব তথ্য পাওয়া যায়। ফলাফল পর্যালোচনা করে কোন ধরনের কনটেন্ট ভালো পারফর্ম করছে, তা শনাক্ত করা এবং সেই অনুযায়ী প্রকাশের সময়সূচি ও কনটেন্ট পরিকল্পনায় পরিবর্তন আনা সম্ভব।