আজকের আবহাওয়া: দুই বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৭ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ১২ মিনিটে।

আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: সামান্য পরিবর্তন হতে পারে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ২২ দশমিক ৮ ডিগ্রি। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮২ মিলিমিটার।