বৃষ্টি চলবে

মাঝে কয়েক দিন গরমের পর আবার ঝরতে শুরু করেছে বৃষ্টি। শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস চলে এলেও বর্ষার বৃষ্টি চলছে। এর কারণ, মৌসুমি বায়ু এখনও দেশের আকাশে সক্রিয়। ফলে বৃষ্টি সহসাই কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুর নাগাদ শুরু হয় বৃষ্টি। কোথাও ভারী, আবার কোথাও হয় মাঝারি ধরনের। বিকাল নাগাদ বৃষ্টি কমে এলেও আকাশ এখনও মেঘলা। যেকোনও সময় আবার বৃষ্টি শুরু হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

আবহাওয়া অধিদফতর জানায়, ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর ছত্তিশগড় এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং লঘুচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ২৪ মিলিমিটার। এছাড়া ফরিদপুরে ২১, ভোলায় ১০, সিলেটে ৮, পটুয়াখালীতে ৭, মাইজদিকোটে ৫, টাঙ্গাইলে ৪, দিনাজপুর ও ঢাকায় ৩, বরিশাল, খেপুপাড়া, মোংলা, সন্দীপ ও মাদারীপুরে ২, গোপালগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, ময়মনসিংহে সামান্য বৃষ্টি হয়েছে।