গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি কিছুটা কমে তাপমাত্রা বাড়তে শুরু করে। তবে রবিবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস বলছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রবিবার সকাল ৬টা থেকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।