মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি হতে পারে

ভারতের তামিল নাড়ুতে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে প্রায় সারা দেশের আকাশে মেঘের ঘনঘটা। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর)।

নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।   আগামীকাল শুক্রবার আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়— রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দররকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতের তামিল নাড়ুতে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর কারণে বাংলাদেশের আকাশ মেঘলা হয়ে আছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে৷ তবে ভারী বৃষ্টির শঙ্কা কম। আগামীকাল এই আবহাওয়া নাও থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ বাংলাদেশে সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়— রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।