ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি, হতে পারে আজও

ঢাকায় মধ্যরাতে বজ্রসহ বৃষ্টির হয়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টির খবরও পাওয়া গেছে। রাত ৩টা পর্যন্ত এই বৃষ্টি হয়, এর পর কমে আসে। গরমের পর এই বৃষ্টি এক ধরনের স্বস্তি নিয়ে এসেছে। বুধবারও (৬ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার প্রায় সারা দিনই অন্যান্য দিনের মতো গরম আবহাওয়া ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা বাতাস শহরে আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর ঢাকার বিভিন্ন অঞ্চলে একদফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। এরপর বৃষ্টি কমে এলেও কয়েক এলাকায় হালকা বজ্রপাত হচ্ছিল। পরে মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত।

আবহাওয়া অধিদফতর জানায়, দেশে স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।