আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস নেই

সকাল থেকেই ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকাতে পারে। বৃহস্পতিবারও আবহাওয়া একইরকম থাকার সম্ভাবনা রয়েছে।