ভ্যাপসা গরমের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রায় সারা ঢাকাজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। গরমের পর বৃষ্টিতে স্বস্তি নেমে এলেও টানা ঘণ্টা খানেকের বৃষ্টি এখন ভোগান্তিতে পরিণত। যানজট, জলাবদ্ধতা আর ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত সাধারণ মানুষ। আগামী কয়েকদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

জানা যায়, ঝাড়খন্ড এবং আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে মধ্যপ্রদেশ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।