তাপপ্রবাহের মাঝেও বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস

সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা অসহনীয়। দিনের পাশাপাশি রাতেও স্বস্তি মিলছে না নগরবাসীর।

দেশের বিভিন্ন অঞ্চলে আজও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আশার কথা শুনিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সন্ধ্যার পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সিলেটে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে দেশের কয়েকটি নদীবন্দরে ১ ও ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছু অঞ্চলে।

রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাতের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।