উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টির কারণে সারা দেশেই মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২৭ জুলাই) বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার।