বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আকাশও থাকছে মেঘলা। তবু গরমের অস্বস্তি কাটছে না। বরং বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্পের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দিন-রাত ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে। রোদ তেমন না থাকলেও ঘাম থামছে না, ফ্যানের বাতাসেও মিলছে না স্বস্তি।
আবহাওয়া অধিদফতর বলছে, কয়েক দিন ধরে বৃষ্টির পরিমাণ কম থাকায় বাতাসে জলীয়বাষ্প বেড়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও দিন-রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হচ্ছে না। ফলে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি মিলছে না।
আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, সাগরে একটি লঘুচাপ রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে, ফলে ভ্যাপসা গরমের অনুভূতি হয়। ঢাকাসহ সারা দেশে আগামী তিন থেকে চার দিন এমন আবহাওয়া থাকতে পারে।
আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ বৃষ্টি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই।
সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি।
বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ৩৫ দশমিক ৩, রংপুরে ৩৪ দশমিক ৮, ময়মনসিংহে ৩৪ দশমিক ২, সিলেটে ৩৫ দশমিক ২, চট্টগ্রামে ৩৩ দশমিক ১, খুলনায় ৩৩ এবং বরিশালে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
ঢাকার বাতাসে আর্দ্রতা
রাজধানীতে ভ্যাপসা গরমের অন্যতম কারণ বাতাসে জলীয়বাষ্পের আধিক্য। রবিবার ভোর ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যায় অবশ্য তা কমে ৬৩ শতাংশে নেমে আসে। গরমও কিছুটা কমে আসে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, আর্দ্রতা বেশি থাকলে শরীর থেকে ঘামের বাষ্পীভবন ধীর হয়ে যায়। ফলে শরীরের তাপ সহজে বের হতে পারে না। এ কারণে থার্মোমিটারে তাপমাত্রা খুব বেশি না থাকলেও মানুষের কাছে গরম বেশি অনুভূত হয়।
‘বৃষ্টি হলেও গরম কমছে না’
২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৩৩ মিলিমিটার। এ ছাড়া নরসিংদীও বদলগাছিতে ১৮, বগুড়ায় ১৪, কক্সবাজার ও নিকলীতে ১৭, শ্রীমঙ্গলে ১২, সীতাকুণ্ডে ৭, টেকনাফে ২৮, কুমিল্লায় ৯, আমবাগানে ৩, বান্দরবানে ২ এবং চট্টগ্রামে ৭, যশোর, পটুয়াখালী, ভোলা ও রামগড়ে ৫ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকা, রাজারহাট, ফেনী, হাতিয়া ও ডিমলায় বৃষ্টি হয়েছে মাত্র ১ মিলিমিটার করে।
পল্টনের ফুটপাতে ব্যবসা করেন মোতালেব মিয়া বলেন, সকাল থেকে আকাশ মেঘলা। ছিটে ফোটা বৃষ্টিও হলো শুনলাম কয়েক জায়গায়। ভাবছিলাম বৃষ্টিতে গরমটা কমে যাবে। বৃষ্টি হলেও গরম কমছে না। দোকানে বসে থাকলেও ঘাম হচ্ছে। সবাই কষ্ট পাচ্ছে। বিশেষ করে বেলার বাড়তে শুরু করে আর গরমও বাড়তে শুরু করে।
শান্তিনগরে মোসলেম মিয়া নামে এক রিকশাচালক বলেন, গরমে রিকশা দুইবেলা। চালাতে পারছি না। রাস্তায় বের হলেই ঘেমে যাচ্ছি। বাতাস কম থাকলে গরম আরও বেশি লাগে। খুব কষ্ট হয়। গাছের ছায়া খুঁজে খুঁজে বসে থাকি মাঝে মাঝে।
আগামী চার দিনেও বৃষ্টির প্রবণতা
আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৭ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদের বক্তব্য
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে।
তিনি বলেন, এই ভ্যাপসা গরম আরও কয়েক দিন থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হলে ২৪ থেকে ২৫ আগস্ট উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং সেসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।