‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর ২২ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৮টার সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ব্যাপক উন্নতি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার। মাত্র ৬৯ একিউআই স্কোর নিয়ে বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান ৩৪ নম্বরে নেমে এসেছে। ঢাকার এই বাতাসের মানকে ‘সহনীয়’ বা ‘মাঝারি’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক বা একিউআই মানদণ্ডে ২০৮ স্কোর নিয়ে বাতাসের দূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর (বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’)। ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৮৪ স্কোর নিয়ে ৩য় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। 

১৫৯ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা চতুর্থ এবং ১৫৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং শহর সর্বোচ্চ দূষিত শহরের তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া ১০৭ স্কোর নিয়ে যথাক্রমে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

এদিকে ঢাকার বাতাসের মান ৬৯ স্কোরে থাকায় বর্তমানে নগরবাসীর জন্য বায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বেশ কম। সাম্প্রতিক বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনের কারণেই বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ কমেছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।