ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করছে। এটি আরও কিছুটা শক্তিশালী হয়ে আজ স্থলভাগের কাছাকাছি অগ্রসর হওয়ার সময় ন্যূনতম ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) এ তথ্য জানিয়েছে। 

আইএমডি জানিয়েছে, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সিস্টেমটির আরও শক্তি ও গঠনগত উন্নয়ন অব্যাহত রয়েছে। আজ সন্ধ্যা অথবা রাতে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটি পূর্ব ভারতের উপকূল অতিক্রম করবে। 

এর প্রভাবে দুই দিনে ঘূর্ণি ঝড়টির গতিপথ ও আশপাশের এলাকায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগের দমকা বাতাসের সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশেও এর দূরবর্তী প্রভাব থাকবে। এতে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আইএমডি জানায়, বর্তমানে এটি গভীর নিম্নচাপ পর্যায়ে আছে।  বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কি মি। দমকা হাওয়া আকারে যা ৭০ কি মি পর্যন্ত উঠছে। সর্বনিম্ন বায়ুচাপ ৯৯৫ মিলিবার।