ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর সকালের সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মানে ফের অবনতি ঘটেছে। ১৫৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বজুড়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৭ম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বর্তমান বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে চিহ্নিত করেছে সংস্থাটি। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আইকিউএয়ারের সর্বশেষ সকাল ৭টা থেকে ৮টার মধ্যকার তালিকায় দেখা যায়, ১৯৬ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের একিউআই মানদণ্ডে বিশ্বজুড়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা। ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং ১৭২ স্কোর নিয়ে ৩য় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

তালিকায় ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৬০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে কাতারের রাজধানী দোহা। এ ছাড়া ১৫৯ স্কোর নিয়ে যৌথভাবে ৬ষ্ঠ ও ৭ম স্থানে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং এবং বাংলাদেশের ঢাকা।

একই তালিকায় ১৫৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অষ্টম, ১৪৯ স্কোর নিয়ে বাহরাইনের মানামা নবম এবং ১৪৮ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি ১০ম স্থানে রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সাধারণ নগরবাসীর শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ে, বিশেষ করে শিশু, বয়োবৃদ্ধ ও অ্যাজমা রোগীদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।