প্রকৃতিতে শীতের আমেজ পড়তে শুরু করেছে। শেষরাত ও ভোরে গ্রামাঞ্চলে ঠান্ডার অনুভূতির পাশাপাশি বিস্তীর্ণ প্রান্তর ও নদীতীর ঢেকে যাচ্ছে কুয়াশায়। শহরেও সন্ধ্যার পর অনুভূত হচ্ছে হিমেল হাওয়া। এর মধ্যে গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রাও কমেছে। এতে শীতের আগমন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, সামনে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি হলে শীতের অনুভূতি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
দুই দিনের ব্যবধানে রাজধানীতে দুদিন বৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরেও ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকালেও থেমে থেমে চলে। এর আগে ৯ নভেম্বর সন্ধ্যায়ও বৃষ্টি হয়েছিল। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ঢাকায়। এমন বৃষ্টি শীতের আগমনী বার্তা কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জে ৯ মিলিমিটার, ময়মনসিংহে ৭, ফরিদপুরে ২ এবং রংপুর ও নরসিংদীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যশোর ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল চুয়াডাঙ্গায়। এ ছাড়া ময়মনসিংহে ৭, বগুড়ায় ৫, পটুয়াখালী, কক্সবাজার ও রংপুরে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তাড়াশ ও চট্টগ্রামেও সামান্য বৃষ্টি হয়েছিল।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও বৃষ্টি হলেও দেশের বেশির ভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতি ও যশোরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৭ নভেম্বর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) ও শনিবার (১৪ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত কার্তিক মাসের বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করে। সে হিসাবে এই বৃষ্টি শীতের আগমনী বার্তা। তবে আগামী ১৩ নভেম্বরের দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপেও পরিণত হতে পারে। এতে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে এবং দক্ষিণের গরম বাতাসও থাকবে। ফলে শীতের অনুভূতি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
তিনি বলেন, আকাশ পরিষ্কার না হলে এবং দক্ষিণের বাতাস না সরলে উত্তরের ঠান্ডা বাতাস আসতে পারবে না। এতে তাপমাত্রা কমতে কিছুটা সময় লাগতে পারে। তবে নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বরের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এখন যেমন দুই দিন তাপমাত্রা কমার পর পরদিন কিছুটা বাড়ছে, ২০ নভেম্বরের পর তা আর হবে না। তখন তাপমাত্রা হয় কমবে, নয়তো অপরিবর্তিত থাকবে; বাড়বে না।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশের ওপর দিয়ে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।
অধিদফতরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
শৈত্যপ্রবাহ কখন ও কোথায় বেশি হতে পারে জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সাধারণত ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলজুড়ে, অর্থাৎ রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। এসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।