যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (এফবিআই) জাতীয় অপরাধবিষয়ক তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে সংস্থাটি। দেশটির কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ডেটাবেজ। সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ে দ্বিতীয়বারের মতো সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটলো।
তদন্ত সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডার ব্যবহার করে যুক্তরাষ্ট্রজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারি পরোয়ানা, অপরাধের তথ্য ও ব্যক্তির অতীত যাচাইসংক্রান্ত তথ্য আদান-প্রদান করে।
সাম্প্রতিক দিনগুলোতে এই অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এদিকে ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় একের পর এক বড় ধরনের বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রশমনের চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও এফবিআই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
বৃহস্পতিবার নতুন সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে সংস্থাটির কর্মকর্তারা জানার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে উপস্থিত হয়ে সংস্থাটির সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন। কয়েক মাস আগে সম্পন্ন হওয়া অপারেশন উইন্টার শিল্ড নিয়েও কথা বলেন তিনি। ওই অভিযানের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানগুলোকে তাদের সিস্টেম হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা সংবেদনশীল তথ্যের নাগাল না পায়।
তবে প্যাটেল অভিযানটি চলমান বলে উল্লেখ করেন। গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বর্তমান প্রশাসন বিভিন্ন সিস্টেম হালনাগাদ করেছে বলেও দাবি করেন তিনি।
সাবেক এক এফবিআই কর্মকর্তা সিএনএনকে বলেন, এনসিআইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ব্যবস্থাগুলোর একটি। প্রতিদিন দেশজুড়ে পুলিশ সদস্যরা পলাতক আসামি শনাক্ত, গ্রেফতারি পরোয়ানা যাচাই এবং জননিরাপত্তাসংক্রান্ত তথ্য পেতে এটি ব্যবহার করেন। তার উদ্বেগ শুধু হ্যাকাররা সংবেদনশীল তথ্য পেয়েছে কি না, তা নিয়ে নয়; বরং তারা তথ্যের নির্ভুলতা নষ্ট করতে পেরেছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
আগেও হ্যাকিংয়ের শিকার এফবিআই
গত সেপ্টেম্বরে শাইনিহান্টার্স নামের একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে কর্মীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ২০২৩ সালে এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার ব্যবস্থায় হামলা হয়েছিল। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত তদন্তে ব্যবহৃত ওই ব্যবস্থায় জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছবিও সংরক্ষিত ছিল বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়।
সূত্র: সিএনএন