দেশীয় শিল্পের ক্ষতি হয় এমন কোনও পদক্ষেপ সরকার গ্রহণ করবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে রি-রোলিং পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি হচ্ছে। তাই ব্যাবসায়ীদের ওপর ভ্যাট ও ট্যাক্স আরোপের ক্ষেত্রে সতর্ক সরকার। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। কারণ আমাদের মূল লক্ষ্য দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করা।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রি-রোলিং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস্ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাণিজ্যমমন্ত্রী বলেন, দেশে শিল্প খাতের বিকাশে সরকার সবধরনের সহযোগিতা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশে সিমেন্ট, কাগজ শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের ক্ষতি হবে এম কোনও পদক্ষেপ সরকার নিবে না। ভ্যাট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারের ব্যবসাবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে ইতোমধ্যে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য বিকশিত হচ্ছে।
এ সময় ব্যবসায়ী প্রতিনিধি দল এ খাতের উন্নয়নে ফিনিস রড ও বি-লেট আমদানি নিরুৎসাহিত করা, কাঁচামাল আমদানি সহজীকরণ, নতুন কোন ট্যাক্স বা ভ্যাট আরোপ না করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- আলোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ অটো-রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস্ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, বাংলাদেশ বি-রোলিং মিলস অ্যাসোসিয়েমনের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আবু তাহের, বিএসআরএম’র জেনালের ম্যানেজার আনোয়ার হোসেন, জিপিএইচ ইস্পাতের এমডি মো. জাহাঙ্গীর আলম, অটো-রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস্ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আবুল কাশেম মজুমদার একং মেঘনা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক।
/এসএনএইচ/







