আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আজহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর পূর্ণদিবস (লেনদেন সময়সূচি: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখার নির্দেশ দেওয়া যাচ্ছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্যি (এডি) শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার স্থীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দেওয়ার জন্য বলা হয়।
আরও পড়ুন: ভারত নয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ইন্দোনেশিয়ার কয়লা
/জিএম/এমএনএইচ/







