আয়কর পরিচয়পত্র করদাতাদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘এ পরিচয়পত্রকে করদাতারা সম্মানের প্রতীক বলে বিবেচনা করছেন।’ রবিবার( ২৬ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ-এর কার্যালয়ে আয়কর পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আয়কর পরিচয়পত্র তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় তিনি বলেন, ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা আয়কর পরিচয়পত্র ইতোমধ্যে জননন্দিত হয়েছে। এ পরিচয়পত্রকে করদাতারা সম্মানের প্রতীক বলে বিবেচনা করছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদস্যসহ সম্মানিত ব্যক্তি ও সাধারণ করদাতাদের এ কার্ড দেওয়া হয়েছে। তারা এ কার্ডের প্রশংসা করেছেন।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অ্যার্টনি জেনারেলের কার্যালয় রাজস্ব সুরক্ষার জন্য কাজ করছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাজস্ব নিয়ে যত মামলা হয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এনবিআরের পক্ষে অবস্থান নেয় এবং রাজস্ব সুরক্ষার জন্য যা যা করণীয়, তা তারা করেন।’
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু, খোন্দকার দিলীরুজ্জামান, এসএম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মো. একরামুল হক, আমাতুল করিম, মোখলেসুর রহমান ও ইশরাত জাহানকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেওয়া হয়।








