অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আপাতত ব্যাংকিং কমিশন হচ্ছে না। তিনি বলেন, ‘আমি ব্যাংকিং কমিশন করতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর করছি না। এজন্য কাগজপত্র সব তৈরি করে রেখে দিচ্ছি, আগামী সরকারের জন্য। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, তার জন্যই এটা রেখে যাচ্ছি।’
শুক্রবার (৮ জুন-২০১৮) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, ইআরডি সচিব কাজী শফিকুল আযম, অর্থ সচিব মুসলিম চৌধুরী, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এ সরকারের সময়ে ব্যাংকিং কমিশন হচ্ছে না। আমাদের ব্যাংকিং সেক্টরটি আয়তনে অনেক বড় হয়েছে। আকারে বাড়লেও সেবা সেভাবে বাড়েনি।’
আরও পড়ুন:
যারা নির্বোধ ও যাদের দেশপ্রেম নেই, তারাই বাজেটকে ভুয়া বলে: অর্থমন্ত্রী








