লেদার গ্র্যাজুয়েট ব্যবসায়ীদের সংগঠন লেদার টেকনোলজিস্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেইনার (এলটিএসই) কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিএজি ফুটওয়্যায়ের ম্যানেজিং পার্টনার আমিরুল ইসলাম বাবু সভাপতি ও কারিগরের ম্যানেজিং পার্টনার সুমন কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি থ্রি-টেকের স্বত্ত্বাধিকারী তাছনিম আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডি-হাটের স্বত্ত্বাধিকারী শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ এক্সিসের মাসুদ পারভেজ এবং সদস্য সাসির স্বত্ত্বাধিকারী হাবিবুর রহমান, সুপারফিটের স্বত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান, লেদার জোন বিডির ম্যানেজিং পার্টনার মুহাম্মদ আবুল হাসনাত বাহার ও বিটুইনের পার্টনার শিমুল বনিক।
নির্বাচন উপলক্ষে গত ২৪ নভেম্বর রাজধানীর হাজারীবাগে সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলেন তানিয়া ওয়াহাব। কমিটির দুই সদস্য হলেন মোহাম্মদ কামরুল হাসান ও মাহাবুব জামান ইমন।








