বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য এফবিসিসিআই এবং রিও ডি জেনেইরো চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ব্রাজিলের প্রাক্তন রাজধানী এবং অর্থনৈতিকভাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর রিও ডি জেনেইরোতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে ওই স্মারক সই হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান, বাণিজ্য প্রতিনিধিদলের সফর, উদ্ভাবন ও গবেষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার বিষয়ে প্রতিনিধিত্বকারী সংগঠন দুটি একমত পোষণ করেছে।
ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সমঝোতা স্মারকটি সহায়ক ভূমিকা পালন করবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন উল্লেখ করেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সরাসরি সম্পৃক্ততা ছাড়াই বর্তমানে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ফলে ব্রাজিলের অন্যতম বৃহৎ চেম্বারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এই সমঝোতা স্মারক সই উভয়মুখী বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








