রাজধানীতে মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত তারুণ্যের উৎসব সফল করতে সব ব্যাংককে শোভাযাত্রায় অংশ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবের অংশ হিসেবে নভোথিয়েটার, বিজয় সরণি ও তেজগাঁও এলাকায় বেলা ১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সব সরকারি দফতর ও সংস্থার কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, উৎসবকে সফল করে তুলতে প্রতিটি ব্যাংকের নিজস্ব ব্যানারে অংশগ্রহণ প্রত্যাশিত। এ জন্য সংশ্লিষ্টদের যথাযথ প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়।
সূত্র জানায়, নির্দেশনা পাওয়ার পর থেকেই ব্যাংকগুলো নিজস্ব ব্যানার প্রস্তুত করছে এবং প্রধান কার্যালয়সহ ঢাকার শাখাগুলোর কিছু কর্মকর্তাকে শোভাযাত্রায় অংশগ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পেয়েছি। আমাদের ব্যাংকের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শোভাযাত্রায় অংশ নেবে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি।
উৎসবটি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।









