দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ তাদের প্ল্যাটফর্মে ‘বাংলা কিউআর’ এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সেবা চালু করেছে। এর ফলে নগদ ব্যবহারকারীরা দেশের প্রায় ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর স্ক্যান করে সরাসরি পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুবিধাও পাবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, প্রশাসক দলের সদস্য এবং প্রতিষ্ঠানটির চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নগদ কর্তৃপক্ষ জানায়, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা দেশের যেকোনো দোকান, শপিংমল, রেস্তোরাঁ কিংবা বাজারে প্রদর্শিত একক কিউআর কোড স্ক্যান করে নগদ অ্যাপের মাধ্যমে সহজে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে বিভিন্ন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর কোড ব্যবহারের প্রয়োজন হবে না।
এ সুবিধার ফলে ব্যবসায়ীরাও উপকৃত হবেন। একাধিক কিউআর কোড ব্যবহারের পরিবর্তে একটি সমন্বিত বাংলা কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে। এতে লেনদেন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট গ্রহণের জটিলতা কমবে।
একই সঙ্গে এনপিএসবি সেবা চালুর ফলে গ্রাহকেরা দেশের যেকোনো ব্যাংক হিসাব বা এমএফএস অ্যাকাউন্ট থেকে নগদ ওয়ালেটে অর্থ স্থানান্তর করতে পারবেন। আবার নগদ থেকে ব্যাংক হিসাব কিংবা অন্য এমএফএস অ্যাকাউন্টেও তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানো যাবে। ফলে ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগভিত্তিক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একক কিউআরভিত্তিক এ ব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের আওতায় আনবে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “এনপিএসবি যুক্ত হওয়ার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের সঙ্গে নগদের তাৎক্ষণিক সংযোগ তৈরি হয়েছে। এখন গ্রাহকেরা যেকোনো সময় ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে নগদে এবং নগদ থেকে ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন। এতে দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে।”
এদিকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে একই দিনে বাংলাদেশ ব্যাংকও বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ, বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানও অনুষ্ঠানে অংশ নেন।
ক্যাম্পেইনে ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশের অস্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন করেন।
বাংলাদেশ ব্যাংক মনে করে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এ অংশগ্রহণ ব্যাংকিং খাতের অন্যান্য প্রতিষ্ঠানকেও বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্য অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









