বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে বিশ্ব ব্যাংকের সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার তিনি বলেন, ‘তারা (বিশ্ব ব্যাংক) নিজেরাই নিজেদের প্রতিবেদন বিশ্বাস করে না। তারা নানা সময়ে নানা মত দেয়।‘ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন আদৌ সারা বিশ্বের কেউ বিশ্বাস করে কি না তাও তার জানা নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল। কিন্তু পরে আবার ৬ দশমিক ৩ শতাংশের পূর্বাভাস দেয়। এর আগেও বিশ্বব্যাংক কম প্রবৃদ্ধির কথা বললেও পরে সরকারের হিসাবই মেনে নিয়েছে।
তিনি বলেন, সাময়িক হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হবে। তবে প্রকৃত হিসাবে এটা আরও বাড়বে।
মুস্তফা কামাল বলেন, আজকের একনেক সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৮৩ কোটি ৯৯ লাখ টাকা। যার মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৫৭১ কোটি ৪৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৯৮ কোটি ৭২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১ হাজার ৯১৩ কোটি ৮১ লাখ টাকা আসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম প্রমুখ।
/এসআই/এসএনএইচ/এফএস/








