বিদেশি বিনিয়োগ বাড়াতে চতুর্থ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে হংকং যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী ২৬ এপ্রিল হংকংয়ের রিটজ-কার্লটনে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার দুপুরে বিমানযোগে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। রবিবার মন্ত্রীর একান্ত সচিব জাকারিয়া হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছর সিঙ্গাপুরে এ সম্মেলন হলেও এবার তা হংকংয়ের রিটজ-কার্লটনে অনুষ্ঠিত হবে। ফাইন্যান্স এশিয়া এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনের প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে বিনিয়োগের নিরাপদ পরিবেশ ও ব্যবসা লাভজনক হওয়ার নানা দিক বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরাই সম্মেলনের উদ্দেশ্য।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে অর্থমন্ত্রীর সফরসঙ্গী হবেন তার ব্যক্তিগত সচিব (পিএস) এস এম জাকারিয়া হক এবং অর্থমন্ত্রীর মেয়ে ও নির্বাহী সহযোগী সামিনা মুহিত।
সম্মেলনে প্যানেল আলোচনার বিষয়বস্তুর মধ্যে বাংলাদেশে আগামীর মুদ্রানীতি, বিনিয়োগ সুযোগ বাড়াতে সরকারি উদ্যোগ, বর্তমান বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাব্য সফলকেন্দ্র গড়ে তোলা, প্রযুক্তি খাতে রফতানির সম্ভাবনা, বাংলাদেশে পিপি ও পিপির সম্ভাবনা, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
পূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হংকংয়ে এ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ব্যবসার পরিবেশ বিশ্বের সামনে তুলে ধরতে চান আয়োজকেরা।
/এসআই/এসএনএইচ/








