আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীরা খুশি হবেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘এবারের বাজেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ঠকবেন না।’
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভা’য় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। এনবিআর ও এফবিসিআই যৌথভাবে এই সভার আয়োজন করে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অর্থমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে আজ অর্থনীতির মন্দা অবস্থা বিরাজমান। তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের বেসরকারি খাত। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৪১ থেকে ৩৫তম স্থানে এসেছে। এর অংশীদার সবাই। উন্নয়নশীল দেশ ভারত, মালয়েশিয়ার কাতারে আজ আমরাও। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বব্যাংক, আইএমএফ প্রশংসা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘এবারের বাজেটে সবাই খুশি হবে। উন্নত দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।’ তবে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণেরও আহ্বান জানান তিনি।









