বন্ধ পাটকল চালুতে বড় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানে নতুন আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১০ জুলাই ২০২৬, ০২:৩২আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:৩২

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অলস শিল্পসম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ দেওয়া হয়েছে। নতুন এই উদ্যোগে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ হবে এবং প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের নরসিংদী ইউনিটের অতিরিক্ত জমি লিজ প্রদানসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আশিকুর রহমান রাজীব এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ দীর্ঘদিন অলস পড়ে থাকলে তা সম্পদ নয়, বরং দায়ে পরিণত হয়। তাই বন্ধ মিলগুলোকে আধুনিক প্রযুক্তি ও নতুন বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করে উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার।

তিনি জানান, নতুন এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি সয়াবিন বীজ প্রক্রিয়াজাত করে ভোজ্যতেল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার সরাসরি ব্যবসা পরিচালনার পরিবর্তে দক্ষ বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করছে। দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি ও যৌথ মালিকানাভিত্তিক বিভিন্ন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে অধিকাংশ বন্ধ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রফতানি আয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, ইউরোপীয় বাজারে চাহিদা হ্রাস এবং নতুন শুল্কনীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে ভোক্তা ব্যয় কমেছে। তবে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প ধীরে ধীরে উচ্চমূল্যের ম্যানমেড ফাইবার ও মূল্য সংযোজনকারী পণ্য উৎপাদনের দিকে এগোচ্ছে। এ রূপান্তর সম্পন্ন হলে একই পরিমাণ পণ্য রফতানি করেও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের ৭৭ দশমিক ০২ একর জমির মধ্যে এর আগে ৩৪ দশমিক ৫০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। সেখানে বর্তমানে দৈনিক প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন জমি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিনিয়োগ সক্ষমতা আরও বাড়বে।

তিনি জানান, উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি লিজের জন্য নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দৈনিক প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার। পর্যায়ক্রমে বিজেএমসি, বিটিএমসি এবং অন্যান্য বন্ধ শিল্পপ্রতিষ্ঠানেও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

জুট অ্যালায়েন্স লিমিটেডের পক্ষে হায়দার বলেন, সরকারের উদ্যোগে বন্ধ পাটকল পুনরায় চালুর কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি গত দুই বছরে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ৩৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হয়েছে এবং উৎপাদিত পণ্য শতভাগ রফতানি করা হচ্ছে।

তিনি জানান, পরবর্তী ধাপে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে দৈনিক ৩ হাজার টন সক্ষমতার একটি সিড ক্রাশিং প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসির সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হলে সয়াবিন তেল ও সয়া মিল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরও জোরদার হবে। একইসঙ্গে আরও প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

/জেইউ/এম/  
সম্পর্কিত
সিনথেটিক ফাইবারের কারণে পাটপণ্য রফতনি হুমকিতে: সংসদে মন্ত্রী
সরকারিভাবে নতুন পাটকল আর না, তবে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে চায় সরকার
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’