সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি যাচাইয়ের জন্য তিন দিন বন্ধ রাখার পর আবারও চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে। গত বৃহস্পতিবার নিরাপত্তা উদ্বেগের কারণে সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
ওয়েবসাইট বন্ধ থাকলেও এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনও বিঘ্ন ঘটেনি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে জানান, ওয়েবসাইটে কোনও ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়েছিল। বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাইটটি বন্ধ রাখা হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার চালু করা হয়েছে।
বর্তমানে সরকারি সেবা, ব্যাংকিং কার্যক্রম, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ নানা ধরনের অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ওয়েবসাইট ও সফটওয়্যারের ওপর ব্যাপক নির্ভরতা তৈরি হয়েছে। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ তৈরিতে ব্যবহৃত হয় পিএইচপি প্রোগ্রামিং ভাষা।
সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সম্ভাব্য দুর্বলতা কাজে লাগিয়ে ওয়েবসাইট ও সার্ভারে হামলার আশঙ্কা থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপির নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকার জরুরি পদক্ষেপ নেয়। ত্রুটির বিষয়টি সামনে আসার পর গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখার ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও বিশ্বজুড়ে লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইট ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেয়।