
দেওয়ান মুজিবুর রহমানই থাকছেন বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। বাংলাদেশ ব্যাংক থেকে তাকে অপসারণ করার পরদিনই বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এ প্রসঙ্গে দেওয়ান মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে অফিস করছি। আশা করছি, আগামী দিনগুলো ভালোভাবে অফিস করতে পারবো। বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে তাকে সহযোগিতা করবে বলেও তিনি আশা করেন।
প্রসঙ্গত, গত বুধবার( ৬ ডিসেম্বর) ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এই অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হামিদা চৌধুরী। শুনানি শেষে হাইকোর্ট অপসারণ আদেশ স্থগিতের পাশাপাশি রুল জারি করে।







