শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক বলেছেন, সরকারি ও বেসরকারি অংশীজনের সমন্বয়ে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের পাশাপাশি সব শিল্পের শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধার আওতায় আনার জন্য জাতীয় উদ্যোগ প্রয়োজন। সরকারি বিমা সংস্থাকে শ্রমিকদের স্বাস্থ্যবিমা কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, নেদারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি ও দৈনিক প্রথম আলোর আয়োজনে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিমা নীতি ও ব্যবস্থাপনা-শীর্ষক অনলাইন গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, ‘তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যবিমা প্রকল্প পরিচালনা করেছে।’ তিনি জানান, গবেষণায় দেখা যায়, স্বাস্থ্যবিমায় অংশগ্রহণের ফলে শ্রমিকদের চিকিৎসা নেওয়া সহজতর এবং স্বাস্থ্যসেবায় নিজস্ব খরচ কমেছে। তাছাড়া স্বাস্থ্যবিমায় অংশগ্রহণের ফলে শ্রমিকের অসুস্থতাজনিত অনুপস্থিতি কমে যাওয়ায় কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ প্রকল্পের সময়সীমা প্রায় শেষের দিকে হলেও প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়া বা স্থায়ী কার্যক্রম গ্রহণের বিষয়ে কোনও নীতিমালা এবং ব্যবস্থাপনা কাঠামো এখনও তৈরি হয়নি। শ্রমিক, মালিক এবং সরকারসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে সামাজিক স্বাস্থ্যবিমা ব্যবস্থাপনা ইউনিট স্থাপন করার আহ্বান করা হয়।
এ সময়ে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ বলেন, ‘তৈরি পোশাক শিল্পে বিজেএমইএ ও বিকেএমই, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলসহ একটি কাঠামো ইতোমধ্যে প্রস্তুত আছে। যে কারণে
তুলনামূলক সহজভাবে স্বাস্থ্যবিমা কার্যক্রম এই সেক্টরে এখনই শুরু করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শিল্পের শ্রমিকদেরও স্বাস্থ্যবিমার আওতায় নেওয়ার ব্যবস্থা করা যাবে।’
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক ড. মো. লিয়াকত আলী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিয়ে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যবিমা শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ কার্যক্রম শুরু করার জন্য তৈরি পোশাক শিল্প সবচেয়ে উপযোগী খাত। আর এ উদ্যোগে ব্র্যাক সবার সঙ্গে কাজ করতে আগ্রহী।’
ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর এ কে আজাদ খান শ্রমিকদের স্বাস্থ্যবিমা কার্যক্রম করের আওতামুক্ত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. সেলিনা আক্তার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা পরিচালক ড. মো. নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা, বিজেএমই’র আ.ন.ম সাইফুদ্দিন, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, এসএনভি’র ফার্তিবা রাহাত খান, প্রগতি লাইফ ইন্সুরেন্সের এমডি এম. জালালুল আজিম, গণস্বাস্থ্য কেন্দ্রের ড. রেজাউল হক এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল আলম রনি।








