বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ক্যাফে রিটেইল অ্যাওয়ার্ড পেলো চেইন ক্যাফে সিক্রেট রেসিপি, পেপারোনি লিমিটেড। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় অ্যাওয়ার্ড উইনার ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’ বাংলাদেশে তার খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে ‘ফেয়ার গ্রুপ’। সেবা ও খাবারের মান বিবেচনায় বেস্ট ক্যাফে রিটেইল ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সিক্রেট রেসিপি বাংলাদেশ এ অ্যাওয়ার্ড অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেয়ার গ্রুপ জানায়, ২০১৮-১৯ অর্থ বছরে সিক্রেট রেসিপির বিক্রয় প্রবৃদ্ধি ছিল ৪৯ শতাংশ যা করোনা মহামারির প্রাদুর্ভাবে ২০১৯-২০ অর্থবছরে কমে গিয়ে দাঁড়ায় ৭ শতাংশে। মহামারিকালে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি করে সে ক্ষতি কাটিয়ে ২০২০-২১ অর্থবছরে এ প্রবৃদ্ধি এসে দাঁড়ায় ৪৬ শতাংশে।
ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দায়ান বলেন, করোনাকালে সবাই যখন ব্যবসা গুটিয়ে কর্মীছাটাইয়ে ব্যস্ত, সেখানে সিক্রেট রেসিপি কর্মীদের বাড়তি সুবিধা প্রদান করে। নিজস্ব পরিবহনে যাতায়াত, সরকারি বিধি-নিষেধ এবং মহামারিতে কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে সেবা প্রদান করার কাজটি চালিয়ে যায়। ফলে আজকের এ অর্জন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে গ্রাহকদের কাছে বিশ্বস্ত একটি ব্যান্ড নেইম হয়ে ওঠবে সিক্রেট রেসিপি।
বর্তমানে সিক্রেট রেসিপি রাজধানী ঢাকায় ৪টি ফ্ল্যাগশিপসহ মোট ১৩টি আউটলেটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে চট্টগ্রাম নগরীতে ৪টি আউটলেটের মাধ্যমেও সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত এই চেইন ক্যাফে। রেস্তোরাঁর শাখাগুলো তিনটি শ্রেণীতে সাজানো- ফ্ল্যাগশিপ, স্ট্যান্ডার্ড এবং এক্সপ্রেস।
পেপারনি লিমিটেডের হেড অব বিজনেস কে এস এম মহিতুল বারী বলেন, মহামারীকালে গ্রাহকের দোড়গোড়ায় সেবা নিশ্চিতের কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সুস্বাদু খাদ্য নিশ্চিত, অনটাইম ডেলিভারির পাশাপাশি সকল আউটলেটে প্রিমিয়াম স্বাদ ও সেবার মান সঠিক রেখে সর্বোচ্চ সেবা প্রদান করে গেছে সিক্রেট রেসিপি। করোনাকালে ভোক্তারা আমাদের পাশে থাকায় আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
ফেয়ার গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তাসলিম কবীর বলেন, আমরা গ্রাহকদের প্রিমিয়াম সেবা প্রদানে বদ্ধপরিকর। ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সন্তুষ্টি, সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত নিত্য নতুন আইডিয়া নিয়ে কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে বন্দর নগরী চট্টগ্রামে আরও চারটি আউটলেট সম্প্রসারণের কাজ ইতোমধ্যেই চলমান রয়েছে। অতিসম্প্রতি উত্তরাতে আমরা আউটলেট সম্প্রসারণ করেছি। রাজধানী ঢাকায় আরও নতুন দুটি আউটলেটের কাজ শুরু হবে। এ ছাড়াও দেশের সীমানা পেরিয়ে কল সেন্টারের মাধ্যমে বিদেশ থেকে আসা অর্ডার নিয়ে সিক্রেট রেসিপির নিজস্ব ডেলিভারিম্যান পৌঁছে যাচ্ছে ভোক্তার দরজায়।









