‘কালো টাকার প্রশ্নে শেয়ার বাজার সংশ্লিষ্টদেরকে পাশে পাওয়া যায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৮

অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ নিয়ে নানা দিক থেকে প্রশ্ন উত্থাপিত হলে শেয়ার বাজার সংশ্লিষ্টদের পাশে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআরের কাস্টমস সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন।

প্রাক-বাজেট আলোচনায় অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তোলার বিধান বলবৎ রেখে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার দাবি জানায় চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক।

তার প্রস্তাবের জবাবে এনবিআরের কাস্টমস সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক বলেন, ‘অপ্রদর্শিত আয় বিনিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে যখন নানা দিক থেকে প্রশ্ন উত্থাপিত হয়, তখন আপনাদের পাশে পাওয়া যায় না। আপনাদের ফোরাম থেকেও তখন কিছু বলা হয় না।’

গোলাম ফারুক তার প্রস্তাবনায় বলেন, ‘প্রস্তাবিত আয়কর আইন-২০২২ এ পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট হারে কর দিলে, ওই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তোলার বিধানটি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমরা মনে করি, বিধানটি বলবৎ রাখা যেতে পারে। কারণ, বিদ্যমান আইনের এই বিধান প্রস্তাবিত আয়কর আইনে অক্ষুণ্ন রাখা হলে বিভিন্ন শ্রেণির করদাতারা তাদের বৈধ উপায়ে উপার্জিত অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবেন। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির সঙ্গে টাকা পাচারের ঝুঁকিও হ্রাস পাবে বলে মনে করি।’

প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিষয়ে বলা হয়, প্রচলিত আইনে যাই থাকুক না কেন, ব্যক্তি শ্রেণির করদাতাদের চলতি অর্থবছরে আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি-বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যেকোনও সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করলে কর্তৃপক্ষসহ কেউ প্রশ্ন করতে পারবে না। একই সময়ে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে, ওই বিনিয়োগের ওপর ১০ শতাংশ কর দিলে, আয়করসহ কোনও কর্তৃপক্ষ প্রশ্ন করবে না।

লভ্যাংশ হতে উৎসে কর কর্তনের বিধান বাতিল চেয়ে ফারুক আরও বলেন, ‘খসড়া আয়কর আইনের ১০৯ ধারায় উৎসে কর কর্তনের হার কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ ও নিবাসী ব্যক্তির ক্ষেত্রে ১০-১৫ শতাংশের বিধান রাখা হয়েছে। আমরা মনে করি, লভ্যাংশ প্রদানকারী কোম্পানি তার মুনাফার ওপর কর দিয়ে পুনরায় লভ্যাংশ বিতরণের সময় কর, কর্তন দ্বৈত করের সৃষ্টি করে। তাই এরূপ উৎসে কর পরিহার করা হলে অধিকতর লভ্যাংশ বণ্টনের সুযোগ সৃষ্টি হবে এবং কর আদায় প্রক্রিয়া সহজ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের কাস্টমস সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক। এ সময় এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা ও সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম