সরকারের জন্য যে ক্রয়গুলো করা হয়, তা ক্রয় সংক্রান্ত কমিটি থেকেই অনুমোদন দেওয়া হয়। যেহেতু আমরা অনুমোদন দিই, তাই এগুলো যথাযথভাবে কিনলাম কিনা, সার্ভিসটা পেলাম কিনা, সেটা দেখভাল করার দায়িত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি কাজ করছে। এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, আমাদের ক্যাপাসিটি বেড়েছে। টেন্ডারগুলোতে আমরা বিদেশিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা করি। তবে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চাই। তবে, যেগুলো হাইলি টেকনিক্যাল, যেগুলো আমাদের লোকাল কন্ট্রাকটররা ডেভেলপ করতে পারেনি, সেক্ষেত্রে বিদেশিদের অনুমোদন দেবো বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তিনি।
অর্থমন্ত্রী জানিয়েছেন, আমরা সবসময় লোকাল বিজনেসকে উৎসাহিত করি। আমরা চাই স্থানীয় ব্যবসা সম্প্রসারিত হোক। বিদেশি যারা কাজ পাবেন তারা আমাদের লোকাল বিজনেস হাউজগুলোকে জয়েন্ট ভেঞ্চার পার্টনার হিসেবে যাতে নেয় আমরা সেই চেষ্টা করছি। এভাবে একসময় নিজেরাই আমরা এককভাবে কাজটি করতে পারবে। আমাদের নিজস্ব ক্যাপাসিটি তৈরির জন্য এ প্রস্তাবনা আনা হয়েছে।
জানা গেছে, সভায় পরিকল্পনা কমিশনের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাধ্যমে সরকারি ক্রয়ে দেশি দরদাতা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে ও অংশগ্রহণ নিশ্চিত করতে আন্তমন্ত্রণালয় কমিটির ১১টি সুপারিশ এবং পরিকল্পনামন্ত্রীর পর্যবেক্ষণ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তুলে ধরা হয়েছে।









