সরকারি সংস্থাগুলোর সেবা একটি কেন্দ্র থেকে প্রাপ্তির লক্ষ্যে সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)’ চালু করেছে। এই প্ল্যাটফর্ম হতে প্রদত্ত সেবা গ্রহণে বেসরকারি খাতের উদ্যোক্তাদের আর
ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
বুধবার (২০ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ’ বিষয়ক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে এখন যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বিডার নিবন্ধন এবং আরজেএসসি’র ‘নামের ছাড়পত্র (নেইম ক্লিয়ারেন্স)’ প্রাপ্তি সম্ভব।’
তিনি জানান, এ প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে সরকারি-বেসরকারি ৫৮টি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে এবং গত ৩ বছরে প্রায় ৬০ হাজার সেবা প্রদান করা হয়েছে। বিডা’র নির্বাহী প্রধান উল্লেখ করেন, সরকারি দফতরগুলোতে প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে সময়ক্ষেপণ ও দীর্ঘসূত্রতা হ্রাসের লক্ষ্যেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওএসএস কার্যক্রম চালু করেছে, যা গ্রহণের মাধ্যমে আমাদের বেসরকারি খাত নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচলনায় ব্যয় হ্রাস করতে সক্ষম হবেন।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রাপ্তির বিষয়ে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং ডিসিসিআই’র পক্ষ হতে ওএসএস-এর কার্যকরিতা সম্পর্কে চেম্বারের সদস্যদের পাশাপাশি উদ্যোক্তাদের আরও সচেতন করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।’ ওয়ান-স্টপ কার্যক্রমের ওপর একটি প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি। যার মাধ্যমে সহজেই মানুষকে কার্যক্রমটির কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান সম্ভব হবে বলে মত প্রকাশ করেন।
ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক বলেন, ‘দেশে ব্যবসা সহায়ক পরিবেশের অধিকতর উন্নয়নের লক্ষ্যে ওয়ান স্টপ প্লাটফর্মে আরও সেবা অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং প্ল্যাটফর্মটি একটি মাত্র প্রতিষ্ঠানের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’ তিনি উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীরা এর মাধ্যমে প্রয়োজনীয় সেবা পেলে, এফডিআই আকর্ষণে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
কর্মশালায় বিডা’র পরিচালক জীবন কৃঞ্চ সাহা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিডা’র নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, ঢাকা চেম্বারের সহ-সভাপতি মনোয়ার হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।









