চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থ ছাড় উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে ঋণ ছাড় কমেছে প্রায় ২৬ শতাংশ।
ইআরডি’র তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা মোট তিন দশমিক শূন্য ৫৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল চার দশমিক ১৩৪ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ছাড় কমেছে এক দশমিক শূন্য ৮১ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে ঋণ ছাড়ের এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই প্রকল্প বাস্তবায়ন সক্ষমতার ঘাটতি একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততাও অনেক প্রকল্পের অগ্রগতি কমিয়ে দিয়েছে। ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ের গতি কমে যাওয়ায় বৈদেশিক ঋণ ব্যবহারের হারও কমে এসেছে।









