কমলাপুর পশুর হাটে ক্রেতা নেই, কাঁদছেন ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ২২:২৩ আপডেট : ২৭ মে ২০২৬, ২২:২৯

রাজধানীর কমলাপুর পশুরহাটে যেন হঠাৎ করেই উল্টে গেছে কোরবানির বাজারের পুরো হিসাব। যে গরুর দাম মঙ্গলবারও দুই লাখ টাকা বলা হয়েছিল, আজ সেই গরুর দাম নেমে এসেছে এক লাখ ৩০ হাজার টাকায়। কোথাও কোথাও তিন লাখ টাকার গরুর দাম বলা হচ্ছে মাত্র এক লাখ ৭০ হাজার থেকে দুই লাখ টাকা। ক্রেতা নেই, বিক্রি নেই— অথচ হাটজুড়ে শত শত গরু। ফলে চরম হতাশা, লোকসান আর অনিশ্চয়তায় পড়েছেন শত শত খামারি ও ব্যবসায়ী।

বুধবার (২৭ মে)  রাত ১০টা পর্যন্ত কমলাপুর পশুরহাট ঘুরে দেখা যায়, হাটজুড়ে শুধু গরু আর বিক্রেতা। কিন্তু নেই প্রত্যাশিত ক্রেতা। কয়েক ঘণ্টা আগেও যে হাটে মানুষের ভিড় ছিল উপচে পড়া, সেখানে সন্ধ্যার পর থেকেই নেমে আসে অদ্ভুত নীরবতা। বিক্রেতাদের অনেকে গরুর পাশে বসে আছেন মাথায় হাত দিয়ে। কেউ হিসাব মেলাচ্ছেন লোকসানের, কেউ আবার ট্রাক ভাড়া করে গরু ফেরত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ৮০টি গরু নিয়ে কমলাপুর হাটে এসেছেন ব্যবসায়ী শহিদুল ইসলাম। তার বেশিরভাগ গরুর দাম ছিল দুই লাখ টাকার ওপরে। কিন্তু শেষ সময়ে এসে তিনি যেন পুরোপুরি দিশেহারা।

শহিদুল ইসলাম বলেন, “যে গরুর কেনা দামই দুই লাখ টাকা, সেই গরু এখন মানুষ দাম বলছে এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা। এই দামে বিক্রি করলে প্রতিটি গরুতে অন্তত ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান হবে। এত কম দামে বিক্রি করার চেয়ে গরু ফিরিয়ে নেওয়াই ভালো।”

তিনি জানান, রাত ১২টার দিকে ট্রাক আসবে। এরপর অবিক্রিত গরুগুলো আবার গ্রামে ফিরিয়ে নেওয়া হবে। তার ভাষায়, “গরুগুলো ট্রাকে করে দীর্ঘ পথ দাঁড়িয়ে এসেছে। তারপর আবার বৃষ্টির মধ্যে হাটে থাকতে হয়েছে। অনেক গরু অসুস্থ হয়ে গেছে, কয়েকটার জ্বরও এসেছে। এখন এগুলো গ্রামে নিয়ে গিয়ে অন্তত ১০ দিন পরিচর্যা করতে হবে। তারপর হয়তো কেজি দরে বিক্রি করতে হবে।”

শুধু শহিদুল ইসলাম নন, একই চিত্র পুরো হাটজুড়েই। ঝিনাইদহ থেকে আসা আরেক ব্যবসায়ী জানান, তার ১০টি গরুই অবিক্রিত রয়েছে। প্রতিটি গরুতে অন্তত ২০ হাজার টাকা করে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, “গতকাল যে গরু দুই লাখ টাকা দাম বলেছে, আজকে সেই গরুর দাম এক লাখ ৩০ হাজার টাকা। মানুষ দাম শুনে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিক্রি করার আগ্রহই হারিয়ে ফেলেছি।”

হাট ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড়— সব ধরনের গরুই অবিক্রিত অবস্থায় রয়েছে। বিশেষ করে বড় গরুর বাজারে ধস নেমেছে সবচেয়ে বেশি। অনেক ব্যবসায়ী অভিযোগ করেন, শেষ মুহূর্তে বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি কমে গেছে। যারা এসেছেন, তারাও কম দামে গরু কিনতে চাইছেন। কয়েকজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার যে গরু তিন লাখ টাকায় বিক্রি হয়েছে, আজ একই ধরনের গরুর দাম বলা হচ্ছে এক লাখ ৭০ হাজার থেকে দুই লাখ টাকা। এতে হতাশ হয়ে পড়েছেন বিক্রেতারা।

একসময় গমগম করা হাটে এখন দেখা যাচ্ছে শুধুই অবিক্রিত পশু আর ক্লান্ত ব্যবসায়ী। কোথাও কোথাও বিক্রেতাদের কাঁদতেও দেখা গেছে। অন্তত ২০ জন ব্যবসায়ীকে চোখ মুছতে দেখা যায়। বছরের সঞ্চয়, ধারদেনা আর ব্যাংক ঋণ নিয়ে গরু কিনে এনে এখন তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বিক্রেতাদের অভিযোগ, বাজার সম্পর্কে ভুল ধারণা ও অতিরিক্ত প্রত্যাশা অনেককে বিপদে ফেলেছে। গত কয়েক দিনে গরুর দাম বাড়বে— এমন আশায় অনেকে উচ্চ দামে গরু কিনেছিলেন। কিন্তু শেষ সময়ে এসে ক্রেতা সংকট ও আবহাওয়ার বিরূপ প্রভাবে সেই হিসাব পুরোপুরি উল্টে গেছে।

বিশ্লেষকরা বলছেন, এ বছর কোরবানির বাজারে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি ছিল। উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং অর্থনৈতিক চাপের কারণে বড় গরুর ক্রেতা কমে গেছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে শেষ সময়ের বেচাকেনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটে থাকা ব্যবসায়ীদের অনেকেই এখন ফিরতি ট্রাকের অপেক্ষায়। কেউ গরু ফেরত নিচ্ছেন খামারে, কেউ আবার শেষ মুহূর্তে কম দামে বিক্রি করে অন্তত কিছু টাকা উদ্ধার করার চেষ্টা করছেন। কমলাপুর পশুরহাটের একাধিক ব্যবসায়ী বলছেন, “এমন খারাপ পরিস্থিতি অনেক বছরেও দেখা যায়নি। গরু আছে, কিন্তু ক্রেতা নেই। শেষ পর্যন্ত আমাদের কান্না ছাড়া আর কিছুই থাকছে না।”

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক