ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১

ব্যাংক-কোম্পানিতে কোনও কোম্পানির বিনিয়োগের সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনও কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনও একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না।

একইসঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হয়েছে। প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনীত ব্যক্তিকে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। পাশাপাশি ওই ব্যক্তির নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার মালিকানাও থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। ‘বিআরপিডি-২ সার্কুলার নং-০৬’-এ ব্যাংক-কোম্পানীর মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে।

সার্কুলারটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

নিট সম্পদের বেশি বিনিয়োগ করা যাবে না

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনও কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। এখানে শেয়ারের মূল্য বলতে ক্রয়মূল্যকে বোঝানো হয়েছে।

অর্থাৎ কোনও কোম্পানির নিট সম্পদ যতটুকু, ব্যাংক-কোম্পানির শেয়ারে তার মোট বিনিয়োগও সেই সীমার মধ্যে রাখতে হবে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় ব্যাংকের শেয়ারে অতিরিক্ত বিনিয়োগের সুযোগ সীমিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনও কোম্পানির ব্যাংক-কোম্পানির শেয়ার মালিকানা নির্ধারিত সীমা অতিক্রম করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে সেই বিনিয়োগ নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

ফলে যেসব শেয়ারধারক কোম্পানির ব্যাংক শেয়ারে বিনিয়োগ তাদের নিট সম্পদের তুলনায় বেশি, তাদের অতিরিক্ত শেয়ার বিক্রি করে সীমার মধ্যে আসতে হবে।

প্রতিনিধি পরিচালক নিয়েও কড়াকড়ি

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে অবশ্যই ওই শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে।

অর্থাৎ সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সরাসরি মালিকানা ও ব্যবস্থাপনার সম্পর্ক নেই—এমন কাউকে শুধু শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদে বসানোর সুযোগ সীমিত করা হয়েছে।

নিজের নামেও থাকতে হবে শেয়ার

প্রতিনিধি পরিচালক হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব শেয়ার মালিকানারও শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, শেয়ারধারক কোম্পানির পক্ষে কোনো ব্যক্তিকে ব্যাংক-কোম্পানীর পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের আগে তার নিজের নামে ওই শেয়ারধারক কোম্পানির শেয়ার মালিকানা নিশ্চিত করতে হবে।

তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মনোনীত ব্যক্তির নিজ নামে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে তার নিজ নামে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।

শুধু নিয়োগের সময় এই শেয়ার থাকলেই হবে না। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পুরো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই মালিকানা বজায় রাখতে হবে।

নিয়োগের সময় দিতে হবে মালিকানার প্রমাণ

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক হিসেবে কোনো ব্যক্তিকে নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হয়। এখন থেকে এ অনুমোদনের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মনোনীত ব্যক্তির মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্রও দিতে হবে।

অর্থাৎ শুধু কোম্পানির মনোনয়নপত্র দিয়ে প্রতিনিধি পরিচালক নিয়োগের অনুমোদন চাওয়া যাবে না। মনোনীত ব্যক্তির ওই কোম্পানিতে মালিকানা রয়েছে—এমন প্রমাণক দলিলও আবেদনের সঙ্গে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে।

পুরোনো প্রতিনিধি পরিচালকদের ক্ষেত্রেও প্রযোজ্য

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা শুধু ভবিষ্যতে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকদের জন্য নয়। সার্কুলার জারির ঠিক আগমুহূর্তে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

অর্থাৎ পুরোনো প্রতিনিধি পরিচালককে পুনরায় নিয়োগ দিতে হলেও সংশ্লিষ্ট ব্যক্তির কোম্পানিতে মালিকানা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা চায় কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিয়মের ফলে ব্যাংকের শেয়ারধারক কোম্পানিগুলোর বিনিয়োগ সক্ষমতা তাদের নিজস্ব আর্থিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে কারা আসছেন এবং সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির সঙ্গে তাদের প্রকৃত মালিকানা সম্পর্ক কী— সেটিও যাচাইয়ের আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর পরিচালক মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানীর পরিচালকগণের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পর্ষদ সভায় এ নির্দেশনা উপস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও শেয়ারধারকদেরও বিষয়টি অবহিত করার ব্যবস্থা করতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না?
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
সর্বশেষ খবর
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও