উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ

গোলাম মওলা, ব্যাংকক থেকে
১২ অক্টোবর ২০২৬, ১৫:৪৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৫:৪৪

উন্নয়ন প্রকল্পে অর্থায়ন বাড়ানো, নতুন ধারণা কাজে লাগানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করতে ‘ফিলানথ্রপি হাব’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এর মাধ্যমে দাতব্য সংস্থা, বেসরকারি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের অর্থ, জ্ঞান ও অভিজ্ঞতা একত্র করে বড় পরিসরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলন চলাকালে প্ল্যাটফর্মটি চালু করা হয়। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বব্যাংক গ্রুপের উদ্যোগে ফিলানথ্রপি ফোরাম অনুষ্ঠিত হয়। এতে দাতব্য সংস্থা, উন্নয়ন প্রতিষ্ঠান, পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীদার সংগঠনের ২০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।

বিশ্বব্যাংক গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, উন্নয়ন খাতে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে নেওয়া কার্যকর উদ্যোগগুলোকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন কার্যক্রমকে সমন্বিত উদ্যোগে রূপ দেওয়া। এ জন্য দাতব্য সংস্থাগুলোর অর্থায়ন, কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোন খাতে কী ধরনের সহযোগিতা সবচেয়ে বেশি কার্যকর হবে, তা চিহ্নিত করবে ফিলানথ্রপি হাব।

বিশ্বব্যাংক গ্রুপের মতে, উন্নয়নশীল দেশগুলোতে চাহিদা বাড়লেও সরকারি সম্পদের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রমে দাতব্য সংস্থাগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসব প্রতিষ্ঠান শুধু অনুদানই দিচ্ছে না, বিনিয়োগের অর্থ, বিশেষজ্ঞ জ্ঞান এবং বিভিন্ন অংশীদারকে একত্র করার সক্ষমতাও কাজে লাগাচ্ছে।

বিশ্বব্যাংকের বিদ্যুৎপ্রাপ্তি, স্বাস্থ্যসেবা ও পানি সরবরাহসংক্রান্ত বিভিন্ন উদ্যোগেও এসব প্রতিষ্ঠানের সহযোগিতা যুক্ত হচ্ছে।

বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান জ্ঞান কর্মকর্তা প্যাসকাল ডোনোহু বলেন, উন্নয়নের চাহিদা বাড়ছে, অন্যদিকে সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দাতব্য সংস্থাগুলোর অভিজ্ঞতা ও নতুন সমাধান বিশ্বব্যাংকের কর্মসংস্থান ও উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, ফিলানথ্রপি হাবের মাধ্যমে বিভিন্ন ধারণা, অর্থায়ন ও অংশীদারকে এক জায়গায় যুক্ত করা হবে। এর ফলে কার্যকর উদ্যোগগুলো বড় পরিসরে বাস্তবায়ন করা এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য বাস্তব সুফল নিশ্চিত করা সহজ হবে।

স্বাস্থ্য, কৃষি ও পানি খাতে সহযোগিতা

ফিলানথ্রপি হাব চালুর পাশাপাশি এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দাতব্য ও উন্নয়ন সহযোগী নেটওয়ার্কের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিশ্বব্যাংক গ্রুপ। প্রতিষ্ঠান দুটি হলো এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক (এভিপিএন) এবং টেমাসেক ট্রাস্টের ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স।

এভিপিএনের আঞ্চলিক নেটওয়ার্ক ব্যবহার করে দাতব্য সংস্থা, সামাজিক বিনিয়োগকারী ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের বিভিন্ন উন্নয়ন উদ্যোগে একসঙ্গে কাজ করতে পারবে। পাশাপাশি বিশ্বব্যাংকের ‘হেলথ ওয়ার্কস’ উদ্যোগে কারিগরি সহায়তা দেওয়ার জন্য একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে এভিপিএন।

হেলথ ওয়ার্কস উদ্যোগের লক্ষ্য হলো, ১৫০ কোটি মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করা।

অন্যদিকে, টেমাসেক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দাতব্য অর্থ সংগ্রহ, অংশীদারদের একত্র করা এবং নতুন অর্থায়ন পদ্ধতি তৈরির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে কৃষি, স্বাস্থ্যসেবা ও পানি খাতে বিশ্বব্যাংকের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে দীর্ঘমেয়াদি ও বড় পরিসরের সহযোগিতার মডেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের ‘এগ্রিকানেক্ট’, ‘হেলথ ওয়ার্কস’ ও ‘ওয়াটার ফরওয়ার্ড’ উদ্যোগে এসব অংশীদারত্ব কাজে লাগানো হবে।

গবেষণা ও অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ

ফিলানথ্রপি হাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্ঞান ও গবেষণার ব্যবহার বাড়ানো। এ জন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, পরামর্শক সংস্থা ও উন্নয়ন সহযোগীকে নিয়ে একটি জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

এ নেটওয়ার্কে আফ্রিকার উন্নয়নবিষয়ক মো ইব্রাহিম ফাউন্ডেশন, লাতিন আমেরিকার লাতিমপ্যাক্টো, ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স এবং সেন্টার ফর এশিয়ান ফিলানথ্রপি অ্যান্ড সোসাইটির মতো প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

এ ছাড়া বোস্টন কনসাল্টিং গ্রুপ, ব্রিজেসপ্যান, ডালবার্গ ও কোয়েফিশিয়েন্ট গিভিংয়ের মতো পরামর্শক প্রতিষ্ঠান এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের মার্শাল ইনস্টিটিউট ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের লিলি ফ্যামিলি স্কুল অব ফিলানথ্রপির মতো শিক্ষাপ্রতিষ্ঠানও এ উদ্যোগে যুক্ত হচ্ছে।

বিশ্বব্যাংকের লক্ষ্য, এসব প্রতিষ্ঠানের গবেষণা, উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতা উন্নয়ন প্রকল্পে কাজে লাগানো। এতে কোন উদ্যোগ কোথায় বেশি কার্যকর হতে পারে, তা নির্ধারণ এবং প্রকল্পের ফলাফল আরও ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

বিশ্বব্যাংক গ্রুপের আশা, সরকারি অর্থায়নের সীমাবদ্ধতার মধ্যে বেসরকারি দাতব্য অর্থ, বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রমের পরিধি বাড়ানো যাবে। নতুন প্ল্যাটফর্মটি এ ক্ষেত্রে বিভিন্ন অংশীদারের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সুশীল সমাজের মুখোমুখি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, ব্যাংককে চতুর্থ টাউনহল
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা