এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই, আশাবাদী বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৬, ১৬:৪২ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:৪২

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাড়তি সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে। একই সঙ্গে উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলনকক্ষে বাংলাদেশের এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ইআরএফ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

উত্তরণ পেছানোর প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) পর্যায় পার হয়েছে বাংলাদেশ। এরপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও বাংলাদেশকে বাড়তি সময় দেওয়ার বিষয়ে একমত হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমি খুবই আশাবাদী, সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে আমরা জিনিসটার একটা নিষ্পত্তি দেখব। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

প্রস্তুতি ছাড়াই উত্তরণের উদ্যোগ ছিল রাজনৈতিকভাবে বেশি গুরুত্বপ্রাপ্ত

তিন বছর সময় বাড়ানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর সম্ভাব্য অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট ছিল না। উত্তরণকে ঘিরে অর্থনৈতিক ও আর্থিক প্রস্তুতির চেয়ে রাজনৈতিকভাবে বিষয়টিকে মহিমান্বিত করার প্রবণতা বেশি ছিল। ফলে উত্তরণের সুবিধা কাজে লাগানো এবং সম্ভাব্য অসুবিধা মোকাবিলার সক্ষমতা তৈরিতে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া হয়নি।

মন্ত্রী জানান, বাড়তি সময় পাওয়া গেলে কীভাবে তা কাজে লাগানো হবে, সে বিষয়ে একটি সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভাগ করা হয়েছে। এ সময়ের মধ্যে দেশের উৎপাদন সক্ষমতা বাড়ানো, রপ্তানি বাজার ধরে রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আট থেকে দশটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্য

এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার প্রবেশাধিকার ধরে রাখতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) অথবা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ আলোচনার জন্য প্রধান আলোচক নিয়োগ দেওয়া হয়েছে। এখন প্রথম দফার কারিগরি আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। তবে আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের এলডিসি উত্তরণের আগেই আলোচনা শেষ করতে চান তাঁরা।

ইইউর বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতিও চলবে জানিয়ে মন্ত্রী বলেন, তবে আশা করি জিএসপি প্লাসের অপশনটা আমাদের নিতে হবে না, তার আগেই আমরা এফটিএটা কমপ্লিট করব।

এ ছাড়া আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসেপ) চুক্তিতে যুক্ত হওয়ার প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এ বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে; এখন প্রক্রিয়াগত কাজ চলছে।

ব্যবসা শুরুতে ৩৫৫ দিন, কমাতে চান দীর্ঘসূত্রতা

বিনিয়োগ বাড়াতে শুধু আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করলেই হবে না, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সহজ ব্যবসায়িক প্রক্রিয়া এবং বিরোধ নিষ্পত্তিতে স্বচ্ছ আইনি ব্যবস্থাও প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, দেশীয় পণ্য বিক্রির জন্য মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং রপ্তানির জন্য বিদেশি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা—দুটিই গুরুত্বপূর্ণ।

ব্যবসা শুরুর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও প্রাথমিক ছাড়পত্র নেওয়ার পর আমদানি নিবন্ধন সনদ সংগ্রহ এবং যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা পর্যন্ত গড়ে ৩৫৫ দিন লেগে যায়। এত দীর্ঘ সময় ব্যয় হলে উদ্যোক্তাদের আগ্রহ ও উদ্যোগ ধরে রাখা কঠিন।

এ পরিস্থিতি বদলাতে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এ ব্যবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ফি পরিশোধ করে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে লাইসেন্স নেওয়া যাবে। ফি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে পৌঁছে যাবে।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) সেবা পুরোপুরি অনলাইনে আনা, বিভিন্ন লাইসেন্সের মেয়াদ তিন থেকে পাঁচ বছর করা এবং একাধিক সংস্থার পৃথক পরিদর্শনের পরিবর্তে সমন্বিত পরিদর্শন চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রীর প্রত্যাশা, এসব সংস্কারের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে লাইসেন্স ও অনুমোদন পেতে উদ্যোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করার পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব হবে।

জ্বালানি ও কৌশলগত মজুত বাড়ানোর উদ্যোগ

নতুন বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানিসংকটকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপন এবং গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এলএনজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুতব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলে বাংলাদেশ চাপে পড়ে বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত মজুত ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো, ব্যবসা সহজ করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রবেশাধিকার নিশ্চিত করার সমন্বিত লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোস্তফা আবিদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএসএম মঈনুল হক।

জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাজারের সব সয়াবিন তেল বিশুদ্ধ, কোনও ভারী ধাতু নেই: বাণিজ্যমন্ত্রী
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
আগুনে ১০ জনের মৃত্যু: পরিচয় শনাক্ত হয়নি কারও: এখনও নিখোঁজ একজন
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে আবারও মাদকবিরোধী অভিযান
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী