অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ সরকারের

সঞ্চিতা সীতু
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১২

দেশের সব অর্থনৈতিক অঞ্চলে আলাদা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য এরইমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি) একটি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি কোম্পানিও কেন্দ্র স্থাপনের আগ্রহ দেখাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যই বিশেষ এই উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎকেন্দ্র (ফাইল ছবি) অনুসন্ধানে জানা গেছে, যেসব উদ্যোক্তারা নিজস্ব উদ্যোগে ইপিজেড স্থাপন করছে তারাও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এছাড়া সারাদেশে শিল্প উদ্যোক্তাদের জায়গা করে দিতে ১৫ বছরে ১০০ ইপিজেড নির্মাণ করবে সরকার। সব মিলিয়ে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে।

আরইবি জানিয়েছে, সারাদেশের নতুন ৪২টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু করেছে তারা। সরকারি ৩৩টি ইপিজেডের পাশাপাশি নয়টি বেসরকারি ইপিজেড রয়েছে। সরকার সারাদেশে নতুন যে ১০০ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছে এই ৪২টি তারই অংশ। আরইবি এলাকায় শিল্প গ্রাহক কম হলেও সরকার নতুন অর্থনৈতিক অঞ্চল গঠনের কারণে গ্রাহকের সংখ্যা বাড়বে। শতভাগ শিল্পায়ন হলে প্রায় তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুতের চাহিদা তৈরি হতে পারে। এরমধ্যে সরকারি ৩১টি শিল্প পার্কের জন্য দুই হাজার ৪০০ মেগাওয়াট এবং বেসরকারি ইপিজেডগুলোর জন্য প্রয়োজন হবে ৫২৭ মেগাওয়াট।

বর্তমানে ৪২টি ইপিজেড নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নয়টিতে প্রাথমিকভাবে সংযোগ দিয়েছে আরইবি। এগুলো হচ্ছে- মিরসরাই, আনোয়ারা, মংলা, বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্ক, এপিআই শিল্পপার্ক, আব্দুল মোনেম, এ কে খান, আকিজ এবং বে অর্থনৈতিক অঞ্চল। এছাড়া ৬টি ইপিজেডে বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ কাজ চলছে।

এদিকে মিরসরাই, বঙ্গবন্ধু সিটি হাইটেক পার্ক, এপিআই শিল্প পার্ক, শ্রীহট্ট ইপিজেড, নাফ ট্যুরিজম পার্কও জামালপুর ইপিজেডে ৩৩ কোভি, ১১ কোভি গ্রিড এবং ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ৪২টি ইপিজেডেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দিতে পিজিসিবি’র ২২টি ১৩২/৩৩ কোভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর বাইরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আরও ১০টি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ দিতে চীনের সিনোহাইড্রোর সঙ্গে চুক্তি করে পিডিবি ও আরপিসিএল এর যৌথ কোম্পানি বিআর পাওয়ারজেন। তারা আগামী বছরের জুনের মধ্যে ১৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি স্থাপনের কাজ শেষ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর আগে মুন্সীগঞ্জের বেসরকারি একটি ইপিজেডের জন্য আব্দুল মোনেম গ্রুপকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জের সোঁনারগাও এলাকার ইপিজেডের জন্য আলাদা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চায় কর্তৃপক্ষ। এজন্য এসব বিশেষ অঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠা করলে অগ্রধিকারভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। পাশাপাশি চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বেশকিছু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

বিদ্যুতের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাসও দেবে সরকার। এজন্য গত বছরের শুরুতে সাতটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সংযোগ দিতে তিতাস গ্যাসের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। অঞ্চলগুলো হচ্ছে- আমান ইকোমিক জোন, আকিজ ইকোনমিক জোন, আরিশা ইকোনমিক জোন, বে ইকোনমকি জোন, মেঘনা ইকোনমিক জোন, সোনারগাঁ অর্থনৈতিক অঞ্চল ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল।

/এমপি/এমও/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী