অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের অংশ হিসেবে মিরপুরের রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস।
সোমবার (৮ মে) এই অভিযান পরিচালনা করা হয়।
তিতাস জানায়, ইস্টার্ন হাউজিংয়ের ডি ব্লক থেকে কে ব্লক এবং আলোকদি এলাকার ১৮টি কারখানা চলছিল অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে। বারবার অভিযান চালিয়েও এসব সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছিল না। ইস্টার্ন হাউজিংয়ের এসব কারখানায় ছয় থেকে সাতবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু পরে আবার তারা সংযোগ নিয়ে নেয়। এইভাবে বারবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বন্ধ করে না পেরে এবার পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস।
অভিযানে অংশ নেওয়া তিতাসের ব্যবস্থাপক মো. শাহিদুর রহমান বলেন, এই এলাকায় প্রচুর অবৈধ সংযোগ। প্রচুর গ্যাস চুরি হচ্ছিলো। তাই আজ আমরা পুরো এলাকায় গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছি।
জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লাহ বলেন, আমরা অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করছি, আবার তারা লাগিয়ে নিচ্ছে। এইভাবে চুরি বন্ধ করাই যাচ্ছে না। এখন থেকে যেসব এলাকায় বেশি অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানে আমরা গ্যাস সরবরাহ বন্ধ করে দেবো। এইদিকে এই ঘটনায় ওই এলাকায় বৈধ গ্রাহকদের কী হবে জানতে চাইলে তিনি বলেন, আপনি গ্যাসের বিল দিচ্ছে ১০৮০ টাকা, আর আমার লোকসান হচ্ছে দশ লাখ টাকা। আপনার ১ হাজার টাকার জন্য তো আমি দশ লাখ টাকা লোকসান দেবো না।
এর আগে একইভাবে অবৈধ গ্যাস সংযোগ বেশি থাকার অভিযোগে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল কামরাঙ্গীরচর ও সোনারগাঁও এলাকায়।
তিতাস সংশ্লিষ্টরা বলছেন, এরপর ওই দুই এলাকার বৈধ গ্রাহকরা নিজেরা অবৈধ সংযোগ চিহ্নিত করে। তিতাসের সঙ্গে সভা করে ওই সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এবং পরে যাতে আবার সংযোগ দেওয়া না হয় সে বিষয়ে তিতাসকে নিশ্চয়তা দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে। এবারও সেই আশাই করছে তিতাস কর্তৃপক্ষ।









