অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া বিল আদায় নিয়ে অভিযান পরিচালনা করছে তিতাস। এর অংশ হিসেবে আজ সোমবার (১৫ মে) অবৈধ সংযোগ, বকেয়া না দেওয়ার অভিযোগে ঢাকায় ৬৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইভাবে সিদ্ধিরগঞ্জের শিংরাইল এলাকায় প্রায় ৩০০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ঢাকায় অভিযানের বিষয়ে তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৩ এর অধীভুক্ত এলাকায় ১৫ মে বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে মেট্রো ঢাকা (উত্তর ও দক্ষিণ) এর বিভিন্ন বিভাগ থেকে আসা ১৮টি টিম গ্রাহক আঙিনা পরিদর্শন করে। এসময় মোট ৬৮টি সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। এরমধ্যে বকেয়ার কারণে ৫৮টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে জরিমানা আদায় করা হয় ১০ লাখ ৭৩ হাজার টাকা।
প্রসঙ্গত, রাজধানীর বনশ্রী, রামপুরা, উলন, ওয়াপদা, চৌধুরীপাড়া, খিলগাঁও, বাসাবো, মুগদা, কমলাপুর মানিকনগর, মালিবাগ, শান্তিনগর কাকরাইল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবারও এসব এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে তিতাস জানিয়েছে।
এদিকে তিতাসের উপ মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের মোট দুইটি এলাকার প্রায় ১ হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন তুলে ফেলা হয়েছে। এতে সিংরাইল জিরো পয়েন্ট ও সিংরাইল মধ্য পাড়ার প্রায় ৩০০ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে ৮ ও ৯ এপ্রিল দুই দিনের অভিযানে ঢাকায় ১৩৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। এরমধ্যে ৯ এপ্রিল ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করে তারা। এর মধ্যে বকেয়ার কারণে ৫৩টি এবং অবৈধ কার্যকলাপের জন্য সাতটি সংযোগ বিচ্ছিন্ন করে। একইভাবে ৮ এপ্রিল ৭৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।









