টেংরাটিলা বিস্ফোরণ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো আন্তর্জাতিক আদালত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৬, ২১:১৮ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২২:৩৪

সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস-কে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৩ কোটি টাকা) জরিমানা করেছে আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ট্রাইব্যুনাল (ইকসিড)। বিস্ফোরণে গ্যাস ও পরিবেশের অপূরণীয় ক্ষতির দায়ে এই রায় দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পেট্রোবাংলা সূত্র জানায়, রায়ে বিস্ফোরণের সময় পুড়ে যাওয়া ৮ বিলিয়ন ঘনফুট গ্যাসের ক্ষতি বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য ২ মিলিয়ন ডলার—সব মিলিয়ে প্রায় ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। বাংলাদেশ অবশ্য গ্যাসের ক্ষতি বাবদ ১১৮ মিলিয়ন এবং রাষ্ট্রের সার্বিক ক্ষতি বাবদ ৮৯৬ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। পাশাপাশি পরিবেশগত ক্ষতি ও স্বাস্থ্যগত ক্ষতি যোগ করার আবেদন করে বাংলাদেশ। 

রেজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “ইকসিড থেকে ক্ষতিপূরণ বাবদ ৪২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দিতে বলা হয়েছে। এখন আইনজীবীদের মতামত নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।” 

২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংরাটিলা গ্যাস ফিল্ডে কূপ খনন করার সময় নাইকোর অবহেলায় দুই দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বিপুল পরিমাণ গ্যাস সম্পদের অপচয়ের পাশাপাশি পরিবেশ ও স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। ঘটনার পর থেকে গ্যাসক্ষেত্রটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

টেংরাটিলা বিস্ফোরণের পর শুরুতে নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল বাংলাদেশ। তবে নাইকো সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। এরপর নাইকোর ফেনী গ্যাস ফিল্ডের বিল প্রদান বন্ধ করে দেয় পেট্রোবাংলা। এর প্রতিবাদে ২০০৭ সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা দায়ের করে নাইকো। পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালতে গড়ালে হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের আদেশ দেন। নাইকো এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও সেখানেও রায় বাংলাদেশের পক্ষেই থাকে। এরপর ২০১০ সালে আটকে রাখা গ্যাস বিল আদায় এবং ক্ষতিপূরণ না দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইকসিডে দুটি মামলা করে নাইকো। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ইকসিড এক রায়ে পেট্রোবাংলাকে ফেনী গ্যাসক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিল। তবে সর্বশেষ রায়ে টেংরাটিলা বিস্ফোরণের দায় ও ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত হলো। 

উল্লেখ্য, রায়টি গত মাসেই চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় পেট্রোবাংলা এতদিন এ বিষয়ে মুখ খুলতে চাননি বলে জানিয়েছে পেট্রোবাংলার এক কর্মকর্তা। 

/এসএনএস/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
পূজার ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত