রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পরিচালিত এ অভিযানে ঢাকার আসাদ গেট, কল্যাণপুর, গাবতলী ও দারুস সালাম এলাকার কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়।
অভিযানে দেখা যায়, কিছু ফিলিং স্টেশনে নিয়ম মেনে তেল সরবরাহ স্বাভাবিকভাবে চলছে। আবার কয়েকটি স্টেশনে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে।
পরিদর্শন করা স্টেশনগুলোর মধ্যে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ও তালুকদার ফিলিং স্টেশনে সকল নিয়ম মেনে জ্বালানি সরবরাহ চালু রয়েছে। একইভাবে কল্যাণপুরের মোহনা ফিলিং স্টেশনেও স্বাভাবিকভাবে তেল বিক্রি হতে দেখা গেছে।
গাবতলী এলাকার শাহনাজ ফিলিং স্টেশন, এসপি ফিলিং স্টেশন, ডেনসো ফিলিং স্টেশন এবং আল-মাহমুদ ফিলিং স্টেশনেও নিয়ম মেনে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে বলে মোবাইল কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে।
তবে কল্যাণপুরের সাহিল ফিলিং স্টেশন ও সোহরাব সার্ভিসেস ফিলিং স্টেশন, গাবতলীর কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন এবং দারুস সালাম এলাকার খালেক ফিলিং স্টেশনে তেল না থাকায় সেগুলোকে ‘ড্রাই’ অবস্থায় পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও কোনও অনিয়ম বা মজুতদারির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।








