এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম

সঞ্চিতা সীতু
০৪ অক্টোবর ২০২৬, ২২:১৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২২:১৮

শহুরে পারিবারগুলোতে সপ্তাহে দুই-তিনদিন মাংস, মাছের সঙ্গে ডাল, ভাজি, ভর্তা, অর্থাৎ পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী রান্না হতো। আর ছুটির দিন হলে তো কথাই নেই,  মানে একটু বেশি আয়োজন।  মেহমান এলে টেবিলে বাড়তি কয়েকটি পদ যোগ হতো। এখন সেই চিত্র বদলে যাচ্ছে। বাজারের বাড়তি খরচের সঙ্গে এলপিজির দামও হিসাব করতে হচ্ছে। ফলে একই বাজেটের মধ্যে সংসার চালাতে গিয়ে অনেক পরিবার প্রথমেই কাটছাঁট করছে খাবারের তালিকায়।

কেরানীগঞ্জের বাসিন্দা রিনা আক্তারের সংসারেও বদলে গেছে রান্নাঘরের সেই হিসাব। তিনি বলেন, একসময় সপ্তাহে দু-তিনদিন মাংস রান্না হতো। মাছের সঙ্গে ডাল, ভাজি, ভর্তা বা আরেকটি পদ থাকতো। ছুটির দিনে একটু আয়োজন করে রান্না করতাম। এখন যে হারে এলপিজির দাম বাড়ছে, তাতে মাসের খরচ মেলাতে গিয়ে রান্নার আইটেম কমাতে হচ্ছে। আগের মতো একসঙ্গে কয়েক পদ রান্না করি না।

রিনার মতো অনেক মধ্যবিত্ত পরিবারে এখন রান্না কী হবে, সেই সিদ্ধান্ত শুধু পরিবারের পছন্দের ওপর নির্ভর করছে না। রান্নায় কতটা গ্যাস লাগবে, কতক্ষণ চুলায় রাখতে হবে এবং একই রান্না দিয়ে দুই বেলা চালানো যাবে কিনা—এসব হিসাবও করতে হচ্ছে। ফলে খাবারের বৈচিত্র্য কমছে, ছোট হচ্ছে রান্নার আয়োজন।

এর মধ্যেই নবিবার (৪ অক্টোবর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শনিবার পর্যন্ত ১ হাজার ৫৮৫ টাকার  সিলিন্ডারের নতুন নির্ধারিত দাম আজ  করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। অথচ নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে বাজার থেকে এলপিজি কিনতে হচ্ছিল ভোক্তাদের। ফলে নতুন করে দাম বাড়ায় রান্নার খরচ আরও বাড়বে— এমন আশঙ্কা করছেন গ্রাহকরা।

উত্তরার বাসিন্দা রিপা খন্দকার বলেন, একদিকে এলপিজির দাম বাড়ছে, অন্যদিকে দ্রব্যমূল্যও বাড়ছে। সব মিলিয়ে সবচেয়ে কষ্টে আছি আমরাই। যে হারে দাম বেড়েই চলেছে, তাতে হিসাব মেলাতে গিয়ে রান্নার পদ কমানো ছাড়া উপায় নেই। আগে চার-পাঁচ পদ করলেও এখন ভাত ছাড়া দুই পদ রান্না করাই কঠিন। অতিথি আসলেও আগের মতো টেবিল ভরে রান্না করা যায় না।

নির্ধারিত দামে মিলছে না এলপিজি

এলপিজির বাড়তি দামের চাপটা ভোক্তাদের ওপরে আরও বেশি হয়ে উঠছে বাজারে নির্ধারিত দামের সঙ্গে বাস্তবে কেনার দামের পার্থ্যের কারণে। শনিবার পর্যন্ত বিইআরসির নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। কিন্তু বাজারে অনেক ক্ষেত্রেই ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছিল।

ফরিদপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, বিইআরসি যে দাম নির্ধারণ করে, তার চেয়ে অন্তত ৫০০ টাকা বেশি দামেই কিনতে হয়। এবার আড়াইশো টাকা বাড়িয়েছে। কাল থেকে সে দাম কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। এ রকম চলতে থাকলে মধ্যবিত্তকে দুই পদেই রান্না শেষ করতে হবে।

তার কথায়, বাড়তি দাম শুধু একটি সিলিন্ডার কেনার খরচ বাড়াচ্ছে না, পুরো মাসের  সংসার খরচের হিসাবও পাল্টে দিচ্ছে। অন্য খরচ কমানোর সুযোগ সীমিত থাকায় রান্নার ক্ষেত্রেই কাটছাঁট করতে হচ্ছে।

এক রান্নায় দুই বেলা

গ্যাসের খরচ কমাতে অনেকে রান্নার আইটেম কমিয়ে দিয়েছেন। দুপুরের রান্না দিয়েই রাতের খাবার চালানো হচ্ছে। কেউ সকালে রান্না করে সারাদিনের জন্য সেই খাবার রেখে দিচ্ছেন, আবার কেউ দ্রুত রান্না করা যায়, এমন খাবার বেছে নিচ্ছেন।

বনশ্রীর বাসিন্দা হিমি আহমেদ বলেন, আমি সকালে উঠে কাজে যাই। সারাদিন বাসায় থাকি না। আগে যা রান্না করে রেখে যেতাম সেটা দুপুরে চলতো। রাতে এসে নতুন করে রান্না করতাম। গ্যাসের যে দাম, খরচ করতে হয় হিসাব করে। তাই এখন একবার রান্না করে দুইবেলা খাই। চেষ্টা করি দ্রুত রান্না হয় এমন খাবার বেছে নিতে।

রান্নার ধরনেও এসেছে পরিবর্তন। দীর্ঘসময় চুলায় রাখতে হয়—এমন খাবার রান্নার আগে এখন গ্যাসের খরচের কথাও ভাবতে হচ্ছে। পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী খাবার ঠিক করার বদলে অনেক সময় কম সময়ে রান্না করা যায়— এমন খাবারই বেছে নিতে হচ্ছে।

অতিথি আপ্যায়নেও কাটছাঁট

দ্রব্যমূল্য ও এলপিজির অতিরিক্ত দামের প্রভাব পড়ছে পারিবারিক আয়োজনেও। আগে মেহমান এলে নানা পদ রান্না করে টেবিল ভরে দেওয়ার চেষ্টা থাকলেও এখন সেই আয়োজন ছোট করতে হচ্ছে। পোলাও, রোস্ট কিংবা মিষ্টিজাতীয় একটি পদ দিয়েই অনেক সময় মেহমানদারি শেষ করতে হচ্ছে।

শান্তিনগরের নাসরিক আক্তার বলেন, আগে মেহমান আসলে টেবিল ভরে যেত নানা পদে। এখন চাইলেও করতে পারি না। একদিকে এলপিজির দাম, অন্যদিকে জিনিসপত্রের দাম। পোলাও, রোস্ট আর একটা মিষ্টি জাতীয় কিছু করে চেষ্টা করি মেহমানদারি শেষ করতে।

শুধু মেহমানদারি নয়, ছুটির দিনের রান্নার আনন্দও কমেছে। পোলাও, বিরিয়ানি, কোরমা কিংবা পরিবারের পছন্দের কোনও খাবার রান্না করার পরিকল্পনার সঙ্গে এখন যুক্ত হয়েছে খরচের হিসাব। কী রান্না করলে কম সময় ও কম গ্যাসে এবং তুলনামূলক কম খরচে খাবার তৈরি হবে—সেটিও ভাবতে হচ্ছে।

সংকট কাটলেও নেই স্বস্তি

এদিকে গত কয়েকদিন ধরে বাজারে এলপিজির যে সংকট ছিল, সেটি এখন কেটে গেছে। সিলিন্ডার পাওয়া নিয়ে আগের মতো সমস্যা না থাকলেও নতুন করে দাম বাড়ায় স্বস্তি ফিরছে না ব্যবহারকারীদের মধ্যে। বরং সংকটের সময় সিলিন্ডার না পাওয়ার ভোগান্তির পর এখন বাড়তি দাম দিতে হবে—এই দুশ্চিন্তাই সামনে এসেছে। বাজার ও জ্বালানির খরচ একই বাজেটের মধ্যে মেলাতে গিয়ে শেষ পর্যন্ত কাটছাঁটটা হচ্ছে পরিবারের খাবারের তালিকাতেই।

বাসাবোর এক গৃহিণী জানান, বিকালের নাস্তা তৈরি করা বন্ধ করে দিয়েছি। বিস্কুট, মুড়ি, চানাচুর বা বাকরখানি দিয়েই নাস্তা সেরে ফেলি।

দাম বেশির কারণ কী

অক্টোবরে এলপিজির দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারে প্রোপেন-বিউটেনের দাম এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে বড় কারণ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রোপেন-বিউটেনের গড় দাম টনপ্রতি ৬৪৭ দশমিক ৭৫ থেকে বেড়ে ৭১২ দশমিক ৫০ ডলার এবং জাহাজ ভাড়া ও প্রিমিয়াম ১৬০ থেকে বেড়ে ২৫০ ডলার হয়েছে। পাশাপাশি গত ১০ থেকে ১৫ দিন ধরে দেশের বাজারে সরবরাহ সংকট ছিল। বড় চার কোম্পানির হাতে বাজারের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ থাকায় তাদের কেউ সরবরাহ কমানো বা প্ল্যান্ট বন্ধ রাখলে সংকট আরও তীব্র হওয়ার সুযোগ তৈরি হয়। সংকটের সুযোগে ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন বলে অভিযোগ আছে।

/এপিএইচ/
সম্পর্কিত
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
সর্বশেষ খবর
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?